নীলফামারীর ডোমার উপজেলায় ২০১২ সালে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মানিক চন্দ্র রায় (৪৫) নামে আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বামুনিয়া কাচারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মানিক চন্দ্র রায় বামুনিয়া ইউনিয়নের খামাতপাড়া এলাকার মৃত সুকারু বর্মনের ছেলে। তিনি বামুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালে জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মানিক চন্দ্র রায়কে আদালতে পাঠানো হয়েছে।’
কেকে/সাশ