গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফরহাদ (৪১) নামে কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কারাগারের একটি সেলের জানালার সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কারাগারের হিমেল ভবনের নিচতলার একটি সেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফরহাদ টাঙ্গাইল সদর উপজেলার শালিনাপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তিনি দুটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ওই কারাগারে বন্দি ছিলেন।
কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন জানান, রোববার যথাসময়ে বন্দিদের গণনা শেষে সেল লক করা হয়। হিমেল ভবনের নিচতলার একটি সেলে ফরহাদসহ তিনজন বন্দি ছিলেন। দিবাগত রাতে তার দুই সহবন্দি সেলের জানালার সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। খবর পেয়ে কারা কর্মকর্তারা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ‘নিহতের স্বজনরা ইতোমধ্যে কারাগারে এসেছেন। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
জেল সুপার জানান, ২০১৯ সালের ২৬ আগস্ট কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরহাদকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। প্রায় এক বছর ধরে তিনি তীব্র মাথাব্যথা, দৃষ্টিজনিত বিভ্রমসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে একাধিকবার কারা হাসপাতালের অধীনে তার চিকিৎসাও নেওয়া হয়েছিল।
কেকে/ এসএমএন