কলাগাছের আঁশ থেকে তৈরি সুতা দিয়ে শাড়ি বুনে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তাঁতশিল্পী রাধাবতী দেবী। তার তৈরি দেশের প্রথম কলাগাছের সুতার শাড়ির নাম দেওয়া হয়েছিল ‘কলাবতী’। পরিবেশবান্ধব ও ব্যতিক্রমী এই উদ্যোগ ঘিরে দেশীয় হস্তশিল্পে নতুন সম্ভাবনা তৈরি হলেও সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা, পর্যাপ্ত প্রশিক্ষণ, গবেষণা ও অর্থায়নের অভাবে তা এখন অনেকটাই থমকে গেছে। উদ্ভাবক শিল্পীর মতে, ৩০ থেকে ৩৫ লাখ টাকার আর্থিক সহায়তা পেলে উদ্যোগটি আবারও সচল করা সম্ভব।
২০২৩ সালের এপ্রিল মাসে বান্দরবানের আর্থসামাজিক উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কলাগাছের আঁশ থেকে সুতা তৈরি ও সেই সুতা দিয়ে হস্তশিল্প তৈরির উদ্যোগ নেওয়া হয়। এ কাজে অভিজ্ঞতা ও দক্ষতার জন্য মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে তাঁতশিল্পী রাধাবতী দেবীকে বান্দরবানে আমন্ত্রণ জানানো হয়। প্রথম দিকে কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরি সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় ছিল। তবে প্রায় ১৫ দিনের প্রচেষ্টায় তিনি তৈরি করেন দেশের প্রথম কলাগাছের সুতার শাড়ি। শিল্পীর নামের সঙ্গে মিল রেখে শাড়িটির নাম রাখা হয় ‘কলাবতী’।
রাধাবতী দেবী জানান, এ পর্যন্ত তিনি মোট নয়টি কলাবতী শাড়ি তৈরি করেছেন। প্রথম শাড়িটি তৈরি হয় বান্দরবানে। এরপর ২০২৩ সালের সেপ্টেম্বরে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ডলুছড়া এলাকায় ত্রিপুরা সম্প্রদায়ের ৩০ জন নারীকে কলাগাছের সুতা তৈরি ও শাড়ি বুননের ২০ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তারা চারটি শাড়ি তৈরি করেন। এ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে রাধাবতী দেবীকে ৮০ হাজার টাকা সম্মানী দেওয়া হয়।
একই বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বান্দরবান জেলা প্রশাসন ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) যৌথ উদ্যোগে ৬০ দিনব্যাপী আরেকটি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। এতে অংশ নেন ৫০ জন প্রশিক্ষণার্থী। এই কর্মসূচির মাধ্যমেও চারটি শাড়ি তৈরি করা হয়। প্রশিক্ষক হিসেবে রাধাবতী দেবীকে দেওয়া হয় ৬০ হাজার টাকা সম্মানী। তবে এসব প্রশিক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর শিল্পটিকে এগিয়ে নিতে আর কোনো উল্লেখযোগ্য উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান তিনি।
একটি কলাবতী শাড়ি তৈরি করতে ১৫ থেকে ২০ দিন সময় লাগে। এতে খরচ হয় প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা। প্রতিটি শাড়ি তৈরিতে এক কেজি সুতা প্রয়োজন হয়। এর মধ্যে ৫০০ গ্রাম কলাগাছের আঁশ থেকে তৈরি সুতা এবং বাকি ৫০০ গ্রাম অন্যান্য সুতা ব্যবহার করা হয় বলে জানান রাধাবতী দেবী।
তিনি আরও জানান, মৌলভীবাজার অঞ্চলে শাড়ি তৈরির উপযোগী বিশেষ জাতের কলাগাছ পর্যাপ্ত পাওয়া যায় না। এ কারণে বান্দরবানের পাহাড়ি এলাকা থেকে কাঁচামাল সংগ্রহ করতে হয়। শিল্পটি পূর্ণাঙ্গভাবে গড়ে তুলতে অন্তত ৩০ থেকে ৩৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু ব্যক্তিগতভাবে এত অর্থ বিনিয়োগ করার সামর্থ্য তার নেই।
রাধাবতী দেবী বলেন, ‘অর্থনৈতিক সংকট, কাঁচামালের অভাব এবং পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও কাজটি এগিয়ে নিতে পারছি না। সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হলে এই শিল্পকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব।’
বর্তমানে বিছানার চাদর তৈরি করে জীবিকা নির্বাহ করছেন এই তাঁতশিল্পী। তার তৈরি চাদর দেশের পাশাপাশি বিদেশেও বিক্রি হচ্ছে। তবে কলাগাছের আঁশ থেকে শাড়ি তৈরির উদ্যোগটি নতুন করে চালু করতে চান তিনি। এ জন্য প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা, আর্থিক সহযোগিতা এবং দক্ষ জনবল তৈরির প্রশিক্ষণ।
এ বিষয়ে বান্দরবান বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মো. শামীম আলম বলেন, কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরির কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে। দুই মাসের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হলেও প্রকল্পটি প্রত্যাশিত সাফল্য পায়নি।
তিনি বলেন, ‘কলাগাছের আঁশ প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে শাড়ি তৈরি পর্যন্ত প্রতিটি ধাপেই ব্যয় অনেক বেশি। পাশাপাশি উৎপাদন কার্যক্রম কীভাবে ধারাবাহিকভাবে চালু রাখা যাবে, সে বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচিতে কোনো সুস্পষ্ট রূপরেখা পাওয়া যায়নি। এসব কারণে প্রকল্পটি বন্ধ হয়ে যায়।’
বাংলাদেশ তাঁত বোর্ডের উপমহাব্যবস্থাপক (এসিসিআর ও মার্কেটিং) রতন চন্দ্র সাহা বলেন, ‘কলাগাছের সুতা দিয়ে তৈরি শাড়ি এখনো বাণিজ্যিকভাবে বাজারজাত করার উপযোগী পর্যায়ে পৌঁছায়নি। এ বিষয়ে তাঁত বোর্ডের একটি প্রতিনিধিদল একসময় বান্দরবান পরিদর্শন করেছিল। তবে শাড়িটি বাজারজাত করার আগে আরও গবেষণা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘একটি শাড়িতে কতটুকু কলাগাছের সুতা এবং কতটুকু অন্যান্য সুতা ব্যবহার করা হবে, তা এখনো সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা যায়নি। শাড়িটি মসৃণ, আরামদায়ক ও টেকসই করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে প্রয়োজনীয় গবেষণা করতে হবে। শুধু বান্দরবান নয়, দেশের বিভিন্ন স্থানে অনেকে এ ধরনের শাড়ি তৈরির চেষ্টা করছেন। তাঁত বোর্ডের কাছে কেউ এ বিষয়ে সহযোগিতা চাইলে আমরা অবশ্যই তা বিবেচনা করব।’
পরিবেশবান্ধব কাঁচামাল ব্যবহার করে দেশীয় তাঁতশিল্পে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছিল ‘কলাবতী’। কিন্তু পরিকল্পিত উৎপাদনব্যবস্থা, গবেষণা, প্রশিক্ষণ ও বিনিয়োগের অভাবে সেই সম্ভাবনা এখন অনিশ্চয়তার মুখে। সংশ্লিষ্টদের মতে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে কলাগাছের আঁশ থেকে সুতা উৎপাদন এবং শাড়ি তৈরির এই উদ্যোগ নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশীয় হস্তশিল্পের বৈচিত্র্য ও রপ্তানি সম্ভাবনা বাড়াতে পারে।
কেকে/ এসএমএন