বৈধ লাইসেন্স ছাড়া মৌলভীবাজার জেলায় কোনো হোটেল বা রিসোর্ট পরিচালনা করা যাবে না। অনুমোদনহীন ও অবৈধভাবে পরিচালিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হোটেল-রিসোর্ট মালিকদের নির্দেশনা দিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিরাপত্তা ও সংশ্লিষ্ট বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, ‘পর্যটন খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি হোটেল ও রিসোর্টে আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা এবং মানসম্মত সেবা থাকা বাধ্যতামূলক। পর্যটকরা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে অবস্থান করতে পারেন, সে জন্য প্রতিষ্ঠান মালিকদের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাকির হোসেন এবং মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক উপদেষ্টা ফখরুল ইসলাম।
সভায় জেলার হোটেল-মোটেলগুলোর নিরাপত্তা জোরদার, অগ্নিনির্বাপণ সরঞ্জাম হালনাগাদ রাখা এবং প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং জেলার বিভিন্ন হোটেল-মোটেলের মালিকরা উপস্থিত ছিলেন।
কেকে/ এসএমএন