মৌলভীবাজারের কমলগঞ্জে রোজিনা বেগম হত্যা মামলায় আপস না করায় প্রতিপক্ষের লোকজন নিজেদের গাড়িতে আগুন দিয়ে তার স্বামী ও স্বজনদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তাসলিমা আক্তার শিপা নামে এক নারী। এ ঘটনায় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন তাসলিমা আক্তার শিপা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ২০২৫ সালের ২৬ মে সকালে কমলগঞ্জের ভাসানীগাঁও গ্রামে ভেকু মেশিন দিয়ে তার স্বামী ও দেবরদের ভোগদখলীয় কৃষিজমিতে মাটি কাটছিলেন স্থানীয় আওয়ামী লীগের অনুসারী আব্দুর রহিম। এ সময় মাটি কাটতে বাধা দেওয়ায় আব্দুর রহিমের ছেলে রেজাউল করিম সাগর ও তার সহযোগীরা হামলা চালান। এতে জালাল আহমেদ, রোজিনা বেগমসহ চারজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তার দেবরদের স্ত্রীর গর্ভপাত ঘটে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। পরে এ ঘটনায় কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
তাসলিমা আক্তার শিপার অভিযোগ, মামলার আসামিরা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকেই মামলা ভিন্ন খাতে নেওয়া এবং আপসের জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করে আসছেন। এতে রাজি না হওয়ায় চলতি মাসের ১২ নভেম্বর দিবাগত রাতে আসামিরা নিজেদের পুরোনো একটি গাড়িতে আগুন দিয়ে তার স্বামী, দেবরসহ আত্মীয়স্বজনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছেন।
তিনি আরও দাবি করেন, গাড়িতে আগুন দেওয়ার ঘটনার দিন তার স্বামী সাহজান মিয়া ঘটনাস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শেরপুরের ইনাতগঞ্জে অবস্থান করছিলেন। অথচ তাকে এ ঘটনায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তাসলিমা আক্তার শিপা আরও অভিযোগ করেন, রোজিনা বেগম হত্যা মামলার প্রধান আসামি রেজাউল করিম সাগর জামিনে মুক্ত থাকার পর আদালতে হাজিরা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ পরিস্থিতিতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
তিনি হত্যা মামলার বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ‘গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা নেওয়া হয়েছে। তদন্তে আসামিদের সংশ্লিষ্টতা না পাওয়া গেলে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।’
কেকে/ এসএমএন