সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      
দেশজুড়ে
রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত, অস্ত্রসহ গ্রেপ্তার সাব্বির
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী মো. সাইফুদ্দিন মুরাদকে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর জখমের ঘটনায় অভিযুক্ত সাব্বির হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। সাব্বির ভুক্তভোগী মুরাদের চাচা টিবলুর কাছ থেকে চার শতক জমি কেনেন। ওই জমিতে ঘর নির্মাণ করতে গেলে মুরাদের পরিবারের সঙ্গে তার বিরোধ তৈরি হয়।

এ ছাড়া বিগত সরকারের আমলে তৎকালীন ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার সঙ্গে সাব্বিরের তোলা কিছু ছবি মুরাদের ভাই মানিকের কাছে ছিল। এসব ছবি ব্যবহার করে মানিক সামাজিক যোগাযোগমাধ্যমে সাব্বিরকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।

এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া আমিন মার্কেটের মা স্টোর নামের দোকানে সাব্বির ও মানিকের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে মানিক ঘটনাস্থল থেকে সরে গেলে তার ভাই ব্যবসায়ী সাইফুদ্দিন মুরাদের ওপর হামলা চালান সাব্বির। এ সময় তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর জখম করে পালিয়ে যান তিনি।

ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। এর অংশ হিসেবে ১৫ নভেম্বর দুপুর ২টার দিকে রাউজান থানার পূর্ব গুজরা ইউনিয়নের মন্ডলের ঘাটা এলাকায় অভিযান চালানো হয়। নোয়াপাড়া-গুজরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে রাউজান থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে সাব্বির হাসানকে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

সাব্বিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ নভেম্বর রাত ১২টা ২৫ মিনিটে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পটিয়াপাড়ায় তার বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। বাড়ির রান্নাঘরের সানসেটের ওপর রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে আরও একটি দেশীয় তৈরি এলজি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সাব্বির স্বীকার করেছেন, উদ্ধার হওয়া দুটি টিপ চাকুর একটিই ব্যবসায়ী সাইফুদ্দিন মুরাদকে ছুরিকাঘাতের ঘটনায় ব্যবহার করা হয়েছিল।

দুই দফা অভিযানে সব মিলিয়ে দুটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি রিভলবার, সাতটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সাব্বির হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে মোট ছয়টি মামলা রয়েছে। তাকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  রাউজান   চট্টগ্রাম   জেলা পুলিশ   অস্ত্র মামলা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close