ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অধ্যাপক প্রকৌশলী ড. এসএম মমিনুল আলম ডালিম। নির্বাচনে তিনি ৬৪৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে দিনব্যাপী আইইবি নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্বে নির্বাচিত হয়ে নতুন দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মমিনুল আলম।
বর্তমানে তিনি বুটেক্সের টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (টিএমডিএম) বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে জাপানের টয়োহাশি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং ও এমএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন তিনি। এ ছাড়া যুক্তরাজ্যের বোল্টন বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ইন টেক্সটাইল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন।
পেশাগত জীবনের শুরুতে ওপেক্স গ্রুপ, সিনহা টেক্সটাইল গ্রুপ ও সম্রাট গ্রুপে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন অধ্যাপক মমিনুল আলম। পরে বুটেক্সে শিক্ষকতা পেশায় যোগ দিয়ে প্রভাষক থেকে অধ্যাপক পদে উন্নীত হন। বিশ্ববিদ্যালয়ের টিএমডিএম বিভাগ প্রতিষ্ঠা ও চালুর ক্ষেত্রেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বর্তমানে বিভাগটিতে বিএসসি, এমএসসি ও পিএইচডি পর্যায়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গবেষণা ও উদ্ভাবনেও রয়েছে তার উল্লেখযোগ্য সাফল্য। গ্রেড-১ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি পেটেন্ট ও বইয়ের রচয়িতা এবং ৫০টির বেশি আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধের লেখক। তার অর্জনের তালিকায় রয়েছে বেসিস আইসিটি ন্যাশনাল অ্যাওয়ার্ড ও ইতালির এসিআইএমআইটি অ্যাওয়ার্ড। এ ছাড়া জাপানের মনবুশো স্কলারশিপ এবং যুক্তরাজ্যের হেরিওট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ অর্জন করেছেন তিনি।
শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও পেশাগত দায়িত্ব পালন করেছেন অধ্যাপক মমিনুল আলম। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত বুটেক্সের ইডিপি-সিসিপি প্রকল্পের ডেপুটি ডিরেক্টর এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরামর্শক হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন তিনি। আইইবি ঢাকা কেন্দ্রের গবেষণা কমিটির সদস্যসচিব (২০১৩–১৪) ও স্থানীয় কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। বুটেক্স শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
টেক্সটাইল শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রসারেও কাজ করছেন এই অধ্যাপক। চলতি বছরের ৩ জানুয়ারি আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ডিভিশনের আয়োজনে টেক্সটাইল শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারবিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।
নির্বাচনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রকৌশলী এ. কে. এম. মহসিন আহমেদ এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. সাজেদুল হক শালুক। এ ছাড়া বিভাগের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. আরফান আলী পিকে, প্রকৌশলী মো. ফারুকুল ইসলাম জনি, প্রকৌশলী মো. তারিকুল ইসলাম, প্রকৌশলী কে. এম. আলাওল কবির, প্রকৌশলী মোহাম্মদ মহেবুল্লাহ ইসলাম (টিটু), প্রকৌশলী শহিদুল ইসলাম চৌধুরী, প্রকৌশলী মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, প্রকৌশলী মো. নায়েব উল ইসলাম, প্রকৌশলী শোভন সাহা, প্রকৌশলী ওসামা বিন মোস্তফা, প্রকৌশলী রাসেল আহমাদ, প্রকৌশলী তানভীর আহমেদ (সুজন), প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং প্রকৌশলী মো. রিফাত-উল-আজিজ।
নতুন দায়িত্ব পালনের পরিকল্পনা সম্পর্কে অধ্যাপক প্রকৌশলী ড. এস. এম. মমিনুল আলম বলেন, ‘টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পেশাগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। একই সঙ্গে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে দেশের টেক্সটাইল খাতকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হবে।’
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) দেশের প্রকৌশলীদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন। প্রকৌশল শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, শিল্পের প্রযুক্তিগত অগ্রগতি এবং প্রকৌশলীদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে সংগঠনটি।
কেকে/ এসএমএন