রাজধানীর আদাবর থানা যুবদলের নতুন কমিটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম সামনে আসায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে নানা সমীকরণ। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং কারাবরণ ও নির্যাতনের অভিজ্ঞতাকে সামনে রেখে পদপ্রত্যাশীরা নিজেদের অবস্থান তুলে ধরছেন। তবে শেষ পর্যন্ত কারা পাচ্ছেন গুরুত্বপূর্ণ এই দুই পদের দায়িত্ব, তা নির্ভর করছে মহানগর ও কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপর।
জানা গেছে, ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক কমিটি গঠনের পর মহানগরের বিভিন্ন থানা কমিটি নিয়েও আলোচনা চলছে। এর মধ্যে আদাবর থানা যুবদলের কমিটি গঠন নিয়ে স্থানীয় নেতাকর্মীদের আগ্রহ বেশি। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে চলছে নানা আলোচনা।
সভাপতি পদপ্রার্থী এসএম নুরুল ইসলাম বাবু :
আদাবর থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী এসএম নুরুল ইসলাম বাবু জানান, ১৯৯৫ সালে ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন। ২০১১ সালে আদাবর থানা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তী ২০১৩-১৪ সালের দিকে যুবদলের রাজনীতিতে যুক্ত হন। সে সময় আদাবর থানা যুবদলের সভাপতি কামাল সরকারের নেতৃত্বে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
তিনি খোলা কাগজকে বলেন, ‘আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করি। আওয়ামী লীগ সরকারের আমলে জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছি, একবার গুমের শিকার হয়েছিলেন। এ ছাড়া, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আমার বিরুদ্ধে চারটি মামলা হয়েছিল। বর্তমানে সব মামলাই নিষ্পত্তি হয়েছে।’
তিনি বলেন, ‘আদাবর এলাকা বিএনপির একটি শক্ত ঘাঁটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি। দল আমাকে মূল্যায়ন করলে একটি আদর্শ ও সুসংগঠিত থানা যুবদল উপহার দিতে চাই।
নুরুল ইসলাম আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের অভিভাবক। দলের পিছিয়ে পড়া নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। কে কার অনুসারী, তা বিবেচনায় নেওয়া হবে না। যারা যুবদলের রাজনীতি করেন, সবাই আমার ভাই। মহানগর ও কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা অনুসরণ করেই সংগঠনকে এগিয়ে নিতে চাই।’
সভাপতি পদপ্রার্থী মো. সাইদুল হক মামুন :
সভাপতি পদপ্রত্যাশী মো. সাইদুল হক মামুন ঢাকা মহানগর উত্তর আদাবর থানা যুবদলের একজন সক্রিয় রাজনৈতিক কর্মী। তিনি বৃহত্তর মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সহসভাপতি। ১৯৮৯ সালের ২৭ জুলাই জন্মগ্রহণকারী মামুন ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয় বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের কর্মী হিসেবে।
২০০৩-২০১১ সাল পর্যন্ত ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকার পর তিনি আদাবর থানা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সহসভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তী ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন বলে জানা গেছে।
তার দেওয়া তথ্যানুযায়ী, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তিনি ছয়টি মামলার আসামি হয়েছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের পর এসব মামলা প্রত্যাহার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রাজনৈতিক কর্মসূচি শেষে ফেরার পথে আওয়ামী লীগ, যুবলীগ ও তৎকালীন সরকারের পুলিশের হাতে একাধিকবার শারীরিক নির্যাতন ও রিমান্ডের শিকার হওয়ার অভিযোগও করেন তিনি। এ ছাড়া ছাত্র-জনতার আন্দোলনের সময় মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে পুলিশের রাবার বুলেটের আঘাতে আহত হন বলে জানান। তিনি তিনবার কারাবরণের তথ্য জানিয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, ছাত্রদলের সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক ত্যাগের বিষয়গুলো সামনে রেখে আদাবর থানা যুবদলের আগামী কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রত্যাশা করছেন মামুন। দল তাকে মূল্যায়ন করলে সুন্দর ও সুসংগঠিত থানা কমিটি উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. ইয়াছিন :
আদাবর থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. ইয়াছিন জানান, ২০০৮ সাল থেকে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ঢাকা উদ্যান ইউনিট যুবদলের সভাপতি ছিলেন। ২০১১-১২ সালে ১০০ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক এবং ২০১৭ সালে একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
মো. ইয়াছিনের দেওয়া তথ্যানুযায়ী, ২০১২-২০২৪ সাল পর্যন্ত মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানায় তার বিরুদ্ধে ৩৭টি রাজনৈতিক মামলা ছিল। রাজনৈতিক কারণে তিনি পাঁচবার কারাবরণ করেছেন। এর মধ্যে ২০১২ সালে তিন মাস দুই দিন, ২০১৪ সালে ১৮ মাস, ২০১৭ সালে তিন মাস ও ২০২২ সালে দুই মাস কারাগারে ছিলেন।
এ ছাড়া মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর থানায় মোট ১৫ দিন রিমান্ডে থাকাকালে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেন তিনি।
ইয়াছিন খোলা কাগজকে বলেন, ‘জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েও রাজনীতি ছাড়িনি। সব সময় রাজপথে ছিলাম, এখনো আছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের রাজনীতি করছি। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয় হয়েছি।’
‘এত নির্যাতন ও কারাবরণের পরও যুবদল ছেড়ে যাইনি। দল ও প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মূল্যায়ন করলে আদাবর থানা যুবদলকে একটি সুসংগঠিত সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলে, ‘মহানগর ও কেন্দ্রীয় নেতারা আমাকে যেখানে যে দায়িত্ব দিবে তা আমি মেনে নিবো।’
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. জাফর হাওলাদার :
আদাবর থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. জাফর হাওলাদার দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার দেওয়া তথ্যানুযায়ী, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি তিনটি মামলার আসামি হন।
তিনি জানান, রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও নির্যাতনের কারণে প্রায় পাঁচ বছর ব্যবসায়প্রতিষ্ঠান বন্ধ রেখে আত্মগোপনে থাকতে হয়েছিল তাকে। বর্তমানে তিনি যুবদলের একজন সক্রিয় কর্মী হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
জাফর হাওলাদার খোলা কাগজকে বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ ও লালন করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মহানগর এবং কেন্দ্রীয় যুবদলের নেতাদের নির্দেশনা মেনেই এগিয়ে যাচ্ছি। দল আমাকে সঠিকভাবে মূল্যায়ন করলে আদাবর থানা যুবদলকে একটি সুসংগঠিত সংগঠন হিসেবে গড়ে তুলব। তবে দল যে সিদ্ধান্ত নেবে, সেটিই মেনে নেব।’
আলোচনায় আরও যারা :
এ ছাড়া আদাবর থানা যুবদলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মো. হেলাল আহামেদ, আদাবর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল নেতা সজীব আহমেদ রানা (বর্তমানে তিনি কারাগারে রয়েছে)। এবং আদাবর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল-আমীন।
স্থানীয় যুবদল নেতাকর্মীদের ভাষ্য, এসব নেতার পাশাপাশি আরও কয়েকজন পদপ্রত্যাশী মহানগর ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক অবস্থান তুলে ধরে তারা নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার প্রত্যাশা করছেন।
ত্যাগীদের মূল্যায়ন চান নেতাকর্মীরা :
আদাবর থানা যুবদলের নেতাকর্মীরা খোলা কাগজকে বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অনেকেই প্রার্থী হয়েছেন। তবে শেষ পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক হবেন মাত্র দুইজন। দল যাদের দায়িত্ব দেবে, তারাই সংগঠনের নেতৃত্বে আসবেন। এ ছাড়া সুপার ফাইভ কমিটিতে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।
তারা আরও বলেন, ২০০৮ সালের পর থেকে অনেক নেতাকর্মী রাজনৈতিক কারণে কারাবরণ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। তাই নতুন কমিটি গঠনের ক্ষেত্রে দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও কর্মীদের পাশে থাকার বিষয়গুলো বিবেচনায় নেওয়া প্রয়োজন।
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, এমন একটি কমিটি গঠন করা হোক, যেটি সবাই মেনে নিতে পারবেন। কর্মীদের যথাযথ মূল্যায়ন করবেন ওদলের দুঃসময়ে পাশে থাকা নেতাদেরই যেন নেতৃত্বে আনা হয়। সব মিলিয়ে আদাবর থানা যুবদলের নতুন কমিটি ঘিরে পদপ্রত্যাশীদের মধ্যে যেমন প্রত্যাশা বাড়ছে, তেমনি স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও তৈরি হয়েছে নানা আলোচনা। এখন মহানগর ও কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা।
কেকে/এমএ