শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও পেশাগত সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘স্পিক টু লিড: কমিউনিকেশন এক্সিলেন্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের নবীনবরণ ও বিদায়ী সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।
ক্লাবের সভাপতি জুনাইদুল মুস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন পেশাজীবীদের সফট স্কিল, শিষ্টাচার ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠান নাইয়কের (এনএআইওয়াইওকে) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. শামীম এইচ. নাহিন। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ক্লাবের উপদেষ্টা ও পরিবেশবিজ্ঞান ও ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ইনজামুল হক সজল। এ ছাড়া ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে ক্লাবের নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বিদায়ী সদস্যদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক ড. শামীম এইচ. নাহিন যোগাযোগ দক্ষতা ও সফট স্কিলের গুরুত্ব তুলে ধরেন। বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানে চাকরি কিংবা পেশাগত ক্ষেত্রে যোগাযোগ দক্ষতা কীভাবে একজন প্রার্থীকে অন্যদের তুলনায় এগিয়ে রাখে, সে বিষয়ে আলোচনা করেন তিনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং নিজেকে স্বতন্ত্রভাবে উপস্থাপনের বিভিন্ন কৌশল তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘বিগত কয়েকশ বছরে বিজ্ঞান ও গবেষণায় মুসলিমদের পিছিয়ে পড়ার কারণে আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি। আব্বাসীয় শাসনামলের স্বর্ণযুগে জ্ঞান-বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় আমাদের যে গৌরবোজ্জ্বল অবদান ছিল, তা ফিরিয়ে আনতে হলে বর্তমান শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে উঠতে হবে। এ যাত্রা শুরু করতে সায়েন্স ক্লাবের মতো প্ল্যাটফর্মগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে তাদের প্রতিভা ও সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটে না। একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও বিভিন্ন ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার পরিধি বাড়ানো জরুরি। এ ধরনের সংগঠনের মাধ্যমে নেতৃত্ব ও উপস্থাপনার দক্ষতা অর্জনের পাশাপাশি দেশ-বিদেশে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ তৈরি হয়, যা ভবিষ্যৎ কর্মজীবনে ইতিবাচক ভূমিকা রাখে।’
কেকে/ এসএমএন