খোলা কাগজে সংবাদ প্রকাশের পর আবর্জনামুক্ত চবির প্রধান সড়ক
চবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান সড়কের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার স্তূপ অবশেষে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খোলা কাগজে এ নিয়ে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের উদ্যোগে ময়লা সরানো হয়। এতে দুর্গন্ধ ও অস্বস্তিকর পরিবেশ থেকে কিছুটা স্বস্তি ফিরেছে।
সোমবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কের পাশ থেকে এসব আবর্জনা অপসারণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদ্যাপনের মাত্র দুই দিন আগে প্রধান সড়কের পাশে আবর্জনার স্তূপ জমে থাকার বিষয়টি নিয়ে খোলা কাগজে সংবাদ প্রকাশিত হয়। হীরকজয়ন্তী উপলক্ষে সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিদের আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যখন প্রস্তুতি চলছিল, তখন গুরুত্বপূর্ণ সড়কের পাশে এমন অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে।
সংবাদটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার পর দ্রুত আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়। এর ফলে দীর্ঘদিনের জমে থাকা ময়লা সরিয়ে সড়কের পাশের পরিবেশ কিছুটা পরিচ্ছন্ন হয়েছে।
তবে শুধু বিশেষ কোনো আয়োজনকে কেন্দ্র করে নয়, ক্যাম্পাসের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত বর্জ্য অপসারণ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।