সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      
বিনোদন
জাহিদুর রহমান পিপলু : মঞ্চকলায় নিবেদিত এক জীবন
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

মঞ্চাভিনেতা, নাট্যনির্দেশক, সংগীতশিল্পী ও লোক নাট্যদলের নিবেদিতপ্রাণ সংগঠক জাহিদুর রহমান পিপলুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আগামী বুধবার (১৮ নভেম্বর)। লোক নাট্যদলের জ্যেষ্ঠ সদস্য ও নাট্যাঙ্গনের একজন নিবেদিতপ্রাণ কর্মী পিপলু ২০২৩ সালের ১৮ নভেম্বর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৫৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

তার স্মৃতি, ত্যাগ ও সৃজনশীল অবদান শ্রদ্ধাভরে স্মরণ করতে লোক নাট্যদল দলীয় কার্যালয়ে এক স্মরণসভার আয়োজন করেছে। এ আয়োজনে লোক নাট্যদলের বর্তমান ও সাবেক সদস্য, মরহুমের বন্ধু-সহচর, বিভিন্ন নাট্যদলের সহযোদ্ধা নাট্যকর্মী, শুভানুধ্যায়ী এবং পরিবারের সদস্যদের উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ জানানো হয়েছে।

১৯৬৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন জাহিদুর রহমান পিপলু। ১৯৮৭ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি নিরবচ্ছিন্নভাবে লোক নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন। অভিনেতা, নির্দেশক, মঞ্চ পরিকল্পক, সংগীতশিল্পী ও সংগঠক-বহুমাত্রিক প্রতিভার অধিকারী পিপলু ছিলেন একজন নিবেদিতপ্রাণ নাট্যকর্মী। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি লোক নাট্যদলের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং নাট্যতথ্য ব্যাংকের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। লোক নাট্যদলের নির্বাহী পরিষদেও দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

লোক নাট্যদলের প্রায় সব প্রযোজনায় তাঁর অংশগ্রহণ ছিল উজ্জ্বল ও স্মরণীয়। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- সোনাই মাধব, কঞ্জুস, পদ্মা নদীর মাঝি, তপস্বী ও তরঙ্গিনী, রথযাত্রা, হেলেন, বিধি ও ব্যতিক্রম, রয়্যাল বেঙ্গল টাইগার, টাপুর টুপুর, নির্মাণ, নির্মূল, মহাপ্রয়াণ ও বৈকুণ্ঠের খাতা। এসব প্রযোজনার বিভিন্ন মঞ্চায়নে তিনি সহস্রাধিকবার অংশগ্রহণ করেছেন।

অভিনয়ের পাশাপাশি কস্টিউম ডিজাইন ও মঞ্চ ব্যবস্থাপনাতেও তাঁর দক্ষতা ও সৃজনশীলতার স্বাক্ষর রয়েছে। বিশেষ করে ‘পদ্মা নদীর মাঝি’ নাটকে কস্টিউম ডিজাইনার হিসেবে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি ‘সোনাই মাধব’ নাটকের প্রথম মঞ্চ ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

লোক নাট্যদলের হয়ে তিনি ভারত, নেপাল, হংকং, মোনাকো ও চীনসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশগ্রহণ করেন। দেশীয় নাট্যচর্চার পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও তাঁর এই অংশগ্রহণ ছিল দলের সাংস্কৃতিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অংশ।

লোক নাট্যদল বিশ্বাস করে, জাহিদুর রহমান পিপলুর শিল্পসৃষ্টি, সাংগঠনিক অবদান এবং নাট্যচর্চা ও নাট্য আন্দোলনের প্রতি তাঁর অবিচল নিষ্ঠা তাঁকে সহকর্মীদের স্মৃতিতে চিরস্মরণীয় করে রাখবে। তাঁর কর্মময় জীবন ও অবদান ভবিষ্যৎ প্রজন্মের নাট্যকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জাহিদুর রহমান পিপলু   মঞ্চকলায় নিবেদিত জীবন   
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close