মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ      ● রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ       ● জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, পরীক্ষামূলক উৎপাদন আজ      ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      
জাতীয়
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, পরীক্ষামূলক উৎপাদন আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:৩৭ এএম আপডেট: ১৭.১১.২০২৬ ৯:০৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অবশেষে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি সম্পন্ন করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) পরীক্ষামূলকভাবে কয়েক ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে যুক্ত হবে এ ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ। এ সময় সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রথমে মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানো হবে ইউনিটটি। এরপর ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২৫ থেকে ৩০ শতাংশে উন্নীত করা হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। পরীক্ষামূলক কার্যক্রম শেষ হওয়ার পর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।

পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি কাজে লাগিয়ে পানি থেকে বাষ্প তৈরি করা হবে। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে উৎপাদিত হবে বিদ্যুৎ। প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান বলেন, ‘জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে গ্রিডে যুক্ত করার অর্থ এই নয় যে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।’

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষামূলক সংযোগের সময় কয়েক ঘণ্টার জন্য প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হতে পারে। এরপর সংযোগ বিচ্ছিন্ন করে কেন্দ্রের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সবকিছু সন্তোষজনক হলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চূড়ান্ত অনুমোদন নিয়ে পুনরায় গ্রিডে যুক্ত করা হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বলেন, ‘জাতীয় গ্রিড প্রস্তুত রয়েছে। রূপপুরের বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার সময় আমাদের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।’

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে তাদের অনুমোদন নিতে হবে। সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই এ অনুমোদন দেওয়া হবে।

নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, রিঅ্যাক্টর, টারবাইনসহ কেন্দ্রের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা যাচাই ও পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ নভেম্বর প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে চূড়ান্তভাবে যুক্ত করার লক্ষ্য রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে। তবে চূড়ান্ত সংযোগের আগে সম্ভাব্য ত্রুটি ও জটিলতা শনাক্ত করতে আজ পরীক্ষামূলক সংযোগ দেওয়া হবে।

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হতে পারেন। সে ক্ষেত্রে ২১ নভেম্বরের আগে অথবা পরে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার আয়োজন হতে পারে।

রূপপুরের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে যুক্ত হবে বাংলাদেশ। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর রূপপুর বিদ্যুৎকেন্দ্র পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায়। একই সঙ্গে পারমাণবিক জ্বালানির অধিকারী দেশের তালিকাতেও বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে অন্তত ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট রেখে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১০৩০ মেগাওয়াট সরবরাহের পরিকল্পনা রয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

এদিকে কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও প্রস্তুতিমূলক কার্যক্রমও এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এ ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, দুটি ইউনিট চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি লোডশেডিং কমানো এবং জ্বালানি আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ তৈরি হবে। তেল ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের তুলনায় পারমাণবিক বিদ্যুতের উৎপাদন ব্যয়ও কম হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটির মূল বাস্তবায়ন মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। পরে দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে মেয়াদ বাড়লেও রাশিয়ার সঙ্গে মূল চুক্তি অনুযায়ী ইউরো বা ডলারে ঠিকাদারি ব্যয় বাড়েনি। স্থানীয় বাজারে ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে টাকার হিসাবে প্রকল্প ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। বর্তমানে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

সূত্র: বাসস

কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র   জাতীয় গ্রিড   পিডিবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close