শোষণ-বঞ্চনার বিরুদ্ধে আজীবন সংগ্রাম এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন নেতৃত্বের জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তার ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৭ নভেম্বর)। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুর পর টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকা ও টাঙ্গাইলের সন্তোষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে এই নেতার প্রতি শ্রদ্ধা জানাবে।
বাংলার রাজনৈতিক ইতিহাসে মওলানা ভাসানীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তানি শাসকদের বৈষম্য ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। রাজনৈতিক জীবনের প্রতিটি পর্যায়ে সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রশ্নে ছিলেন সোচ্চার। কৃষক, শ্রমিক, ভূমিহীন ও দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থ রক্ষাকে তিনি রাজনীতির অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করতেন।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাধারণ মানুষের কাছে ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিতি লাভ করেন। অন্যায়, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান তাকে দেশের রাজনৈতিক ইতিহাসে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির পক্ষ থেকেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দিবসটি পালনে দলটি জাতীয় কমিটি গঠন করেছে। কমিটিতে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্যসচিব করা হয়েছে।
অন্যদিকে, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার স্মরণে সাত দিনব্যাপী ভাসানী মেলা অনুষ্ঠিত হচ্ছে। গত ১১ নভেম্বর শুরু হওয়া এ মেলার কার্যক্রম আজ ১৭ নভেম্বর শেষ হবে।
মওলানা ভাসানীর রাজনৈতিক আদর্শ, সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মধ্য দিয়ে পালিত হচ্ছে তার ৫০তম মৃত্যুবার্ষিকী।
কেকে/সাশ