মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ      ● রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ       ● জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, পরীক্ষামূলক উৎপাদন আজ      ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      
আন্তর্জাতিক
ইরান যুদ্ধ দীর্ঘায়িত হতে দেবেন না ট্রাম্প: জেডি ভ্যান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:১৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতকে দীর্ঘমেয়াদি যুদ্ধে পরিণত হতে দেবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ট্রাম্প প্রশাসন আরেকটি দীর্ঘস্থায়ী যুদ্ধের দায় নিতে চায় না। এ সংঘাত ১০ বা ১৫ বছর তো নয়ই, এমনকি দুই বছর পর্যন্ত গড়াতেও দেওয়া হবে না।

সোমবার (১৬ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স এসব কথা বলেন। এ সময় ইরান যুদ্ধের বিষয়ে তার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো মতপার্থক্য নেই বলেও স্পষ্ট করেন তিনি। ভ্যান্সের ভাষ্য, যুদ্ধের সমাপ্তি টানতে ট্রাম্প নিজেই সিদ্ধান্ত নেবেন এবং সংঘাতকে অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই।

ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট শেষ পর্যন্ত যে সিদ্ধান্তই নিন না কেন, এমন কিছু মানুষ থাকবেন, যারা আরও বেশি কিছু চাইবেন এবং যুদ্ধ অনির্দিষ্টকাল চালিয়ে যেতে আগ্রহী হবেন।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এ যুদ্ধকে কোনোভাবেই দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হতে দেবেন না। সংঘাতের সমাপ্তি যেভাবেই হোক, তিনি আরেকটি চিরস্থায়ী যুদ্ধে জড়াবেন না। এ বিষয়ে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই।’

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত অব্যাহত থাকার মধ্যে যুদ্ধের ব্যয় ও স্থায়িত্ব নিয়ে ওয়াশিংটনে বিতর্ক জোরালো হচ্ছে। এমন পরিস্থিতিতে ভ্যান্সের এ বক্তব্যকে যুদ্ধের মেয়াদ সীমিত রাখার বিষয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থানের পুনর্ব্যক্তি হিসেবে দেখা হচ্ছে।

সাক্ষাৎকারে ভ্যান্স অভিযোগ করেন, কিছু নীতিনির্ধারক ও সমালোচক যুক্তরাষ্ট্রকে দীর্ঘদিন মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে রাখতে চান। তবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিদেশে দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আটকে না রাখার অবস্থানে প্রশাসন অনড়।

তিনি বলেন, ‘অনেক নব্য রক্ষণশীল ও অন্যরা আমাদের সেখানে অনির্দিষ্টকাল রাখতে চাইলেও আমরা থাকব না। ভোটারদের কাছে আমরা এমন প্রতিশ্রুতি দিয়েছিলাম।’

ট্রাম্প শেষ পর্যন্ত এমনভাবে যুদ্ধের অবসান ঘটাবেন, যাতে মার্কিন জনগণ বড় ধরনের সুফল পায়—এমন আশাবাদও ব্যক্ত করেন ভাইস প্রেসিডেন্ট।

ট্রাম্পের সমালোচনার ঢাল হতে প্রস্তুত ভ্যান্স

সাক্ষাৎকারে ইরান যুদ্ধ পরিচালনা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ওঠা সমালোচনা এবং ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে এর সম্ভাব্য রাজনৈতিক প্রভাব নিয়েও কথা বলেন ভ্যান্স।

যুদ্ধের বিষয়ে তার সঙ্গে ট্রাম্পের মতবিরোধ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি তা নাকচ করেন। প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যেও এ নিয়ে কোনো বিভেদ নেই বলে দাবি করেন তিনি।

তবে যুদ্ধের কারণে রাজনৈতিকভাবে কিছুটা মূল্য দিতে হচ্ছে বলে স্বীকার করেন ভ্যান্স। বিশেষ করে জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

ভ্যান্স বলেন, ‘রাজনৈতিকভাবে এর প্রভাব রয়েছে। প্রেসিডেন্ট নিজেও বিষয়টি স্বীকার করেছেন। গ্যাস ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় রাজনৈতিক মূল্য দিতে হয়েছে।’

ইরান-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক নিয়ে তার বিরুদ্ধে ওঠা সমালোচনার জবাবও দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তার মতে, ট্রাম্পকে সরাসরি আক্রমণ করার পরিবর্তে কিছু সমালোচক তাকে লক্ষ্যবস্তু বানাচ্ছেন।

এ প্রসঙ্গে ভ্যান্স বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য সমালোচনার ঢাল হতে আমি প্রস্তুত।’

সূত্র: আনাদোলু 


কেকে/সাশ 




আরও সংবাদ   বিষয়:  ডোনাল্ড ট্রাম্প   জেডি ভ্যান্স   ইরান যুদ্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close