গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর সারা দেশেই কোণঠাসা হয়ে পড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার তার সহযোগীরা। তবে গোপালগঞ্জে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা চালায় দলটি। এবার সেই গোপালগঞ্জকে কেন্দ্র করে নাশকতার নতুন মাস্টারপ্ল্যান তৈরি করছে পতিত ফ্যাসিস্ট শক্তি। দেশের দক্ষিণাঞ্চলের অন্তত এক ডজন জেলাকে টার্গেট করেছে তারা।
গোপালগঞ্জের আদলের এসব জেলায় নিজেদের অবস্থান মজবুত করতে চাইছে। তার তাদের এ ষড়যন্ত্রে ভেতর থেকে তথ্য দিয়ে সহায়তা করছে প্রশাসনের ভেতরকারই একটি অংশ। যারা বিগত ১৭ বছরে ছিল ফ্যাসিস্টের সুবিধাভোগী।
সূত্র বলছে, প্রশাসনের মধ্যে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি ফ্যাসিস্টের দোসর রয়েছে। তারাই সরকারের অভ্যন্তরের বিভিন্ন তথ্য ফ্যাসিস্টের কাছে পৌঁছে দিচ্ছে।
সূত্র বলছে, পুলিশ ও প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের এজেন্টরা সক্রিয় হয়ে উঠেছে। আগামী ডিসেম্বরকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার যে পরিকল্পনা, তা বাস্তবায়নে পুরোদমে কাজ শুরু করেছে তারা। যার মহড়া ছিল গোপালগঞ্জে গত রোববারের দিনভর তাণ্ডব।
এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পরিস্থিতির দিকে নজর রাখছে। এ ছাড়া প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসরদেরও নজরদারিতে রাখা হচ্ছে। অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
আগামী ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি তিনি দেশে ফেরার জন্য সরকারের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট চেয়েছেন তিনি। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনা পলতাক সাজাপ্রাপ্ত আসামি, তাই তার নামে পাসপোর্ট ইস্যু করার সুযোগ নেই। তাকে বন্দি বিনিময়ের মাধ্যেই দেশে ফিরতে হবে।
এদিকে দলীয় নেত্রীর দেশে ফেরার ঘোষণায় দেশজুড়ে মাথাচাড়া দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা দেশজুড়ে ঝটিকা মিছিল, হামলা অঙ্গিসংযোগসহ অপতৎপরতা বাড়িয়ে দিয়েছে। তারই ধারাবাহিকতায় গত রোববার দিনভর তাণ্ডব চালায় গোপালগঞ্জে।
এক ডজন জেলা নিয়ে ‘গোপালগঞ্জ মডেল’
গত রোববার লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। এ ছাড়া বিএনপি ও যুবদলের অফিসেও অগ্নিসংযোগ করা হয়।
সূত্র বলছে, গোপালগঞ্জের এই মডেল আরও অন্তত একডজন জেলায় বাস্তবায়নের পরিকল্পনা করছে। আর তাদের এ পরিকল্পনায় সহযোগিতা করছে প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা দোসররা। গোপালগঞ্জের পাশাপাশি খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, শরীয়তপুরসহ আরও কয়েকটি জেলাকে টার্গেট করেছে ফ্যাসিস্ট শক্তি। এরই মধ্যে সারা দেশ থেকে এসব জেলায় নিজেদের নেতাকর্মীদের জড়ো করে শক্তি বাড়ানো হচ্ছে। গোপনে গোপনে চালানো হচ্ছে ক্যাম্পেইন। কোনো কোনো ক্ষেত্রে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাদের ম্যানেজ করে কার্যক্রম চালানো হচ্ছে। আর বিদেশে পলাতক নেতারা এ কাজে অর্থায়ন করছে।
নজরদারিতে ২২ হাজার পুলিশ সদস্য
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্যকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। তাদের মধ্যে ১৭ হাজার কনস্টেবল ও ৪ হাজার উপপরিদর্শক (এসআই) রয়েছেন। এ ছাড়া নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগে কয়েক হাজার পুলিশ সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে বলে পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানিয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার পর এই নজরদারি জোরদার করা হয়েছে। এর আগে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কথোপকথনের একটি অডিও ফাঁস হওয়ার পর ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে প্রত্যাহার ও পরে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামরুম মুনীরা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের কারও সঙ্গে পুলিশ সদস্যদের যোগাযোগের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হয়।
খুলনায় নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের পর গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল সোমবার (১৬ নভেম্বর) থেকে সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। নগর ভবনে হামলার ঘটনায় কেসিসির পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
এর আগে গত রোববার রাত সাড়ে ১২টার পর মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায় বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে। বিকট শব্দে বিস্ফোরণের পর আশপাশে আগুন ছড়িয়ে পড়লেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। গত সপ্তাহে খুলনার জুলাই স্মৃতিস্তম্ভেও দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করেছিল। ওই ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
পিরোজপুরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় বিএনপির এক নেতার বসতবাড়িতেও ইট-পাটকেল নিক্ষেপ করে একটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। গত রোববার বিকালে মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, “গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া এলাকা থেকে আওয়ামী লীগের বারশো থেকে পনেরোশ মত নেতাকর্মী মিছিল নিয়ে নাজিরপুরের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড়ে আসেন। এ সময় তারা মালিখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুমন তালুকদারের বাড়ির সামনে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন।”
কেকে/সাশ