মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      ● বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার      ● মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ      ● রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ       ● জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, পরীক্ষামূলক উৎপাদন আজ      ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      
খোলাকাগজ স্পেশাল
মব সহিংসতার নেপথ্যে রাজনৈতিক প্রশ্রয় ও বিচারহীনতার সংস্কৃতি
শিপার মাহমুদ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪০ এএম আপডেট: ১৭.১১.২০২৬ ১০:৫০ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঠুনকো বিষয়কে কেন্দ্র করে মানুষকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে। বাড়ছে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা। এর পেছনে বিচারহীনতার সংস্কৃতি, আইনের প্রয়োগে বৈষম্য, রাজনৈতিক প্রশ্রয় ও সামাজিক অসহিষ্ণুতাকে দায়ী করেছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক। সাক্ষাৎকার নিয়েছেন খোলা কাগজের নিজস্ব প্রতিবেদক শিপার মাহমুদ।

খোলা কাগজ : মব সহিংসতার মাধ্যমে মানুষকে পিটিয়ে হত্যার ঘটনা বারবার ঘটছে। নেপথ্যে কারণগুলো কী?

ড. তৌহিদুল হক : আমাদের দেশে মব সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সব ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় না। এটি মব তৈরির অন্যতম কারণ। এর সঙ্গে বিচারব্যবস্থার প্রতি অনাস্থা, সামাজিক অবক্ষয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিষ্ক্রিয়তাও জড়িত। এ ছাড়া কেউ ক্ষতিগ্রস্ত হলে দ্রুত আইনি প্রতিকার পাওয়ার দৃষ্টান্ত খুব বেশি নেই। আবার আইনের প্রয়োগেও বৈষম্য দেখা যায়। প্রভাবশালী কেউ ক্ষতিগ্রস্ত হলে প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর যে তৎপরতা দেখা যায়, সাধারণ মানুষের ক্ষেত্রে তা সব সময় দেখা যায় না। ফলে ন্যায়বিচার না পাওয়ার অভিজ্ঞতা মানুষের মধ্যে এমন ধারণা তৈরি করেছে যে, অন্যায়ের শিকার হলে নিজেকেই বিচার করতে হবে। যার ফলে কোনো অপরাধের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি নিজেই শাস্তি দেওয়ার পথ বেছে নিচ্ছেন। এ প্রবণতা সমাজের জন্য বিপজ্জনক। এতে অনেক সময় ছোট ঘটনায় বড় সহিংসতা জন্ম দিচ্ছে। 

খোলা কাগজ :  আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে শাস্তি দেওয়ার প্রবণতাকে কিভাবে দেখছেন?  

ড. তৌহিদুল হক : একজন মানুষ অপরাধে অভিযুক্ত হতে পারেন। এমনকি তার অপরাধ প্রমাণিতও হতে পারে। কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়া তার আইনি অধিকার। অভিযুক্তের বক্তব্য শোনা এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের আইনগত সমাধান নিশ্চিত করা বিচারপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ।

কিন্তু আমাদের সমাজে এ চর্চা অনেক ক্ষেত্রেই দেখা যায় না। বরং কাউকে অভিযুক্ত করেই সর্বোচ্চ শাস্তি দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। অনেকে মনে করেন, আইনকানুনের তোয়াক্কা না করে কাউকে শাস্তি দিতে পারা তার ক্ষমতা ও সামাজিক প্রভাবের পরিচয়। এটি আইনের শাসনের পরিপন্থি। একইসঙ্গে মানবিক মূল্যবোধের সংকটও প্রকাশ করে।

খোলা কাগজ :  এর পেছনে কী ধরনের সামাজিক ও মনস্তাত্ত্বিক প্রবণতা কাজ করছে?

ড. তৌহিদুল হক : এর পেছনে সামাজিক ও মনস্তাত্ত্বিক দুই ধরনের প্রবণতাই কাজ করছে। আমাদের সমাজে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে অনেক সময় অপরাধের বিচার করা হয়। যার সঙ্গে ভালো সম্পর্ক, তার বড় অপরাধকেও ছোট করে দেখা হয়। আবার যার সঙ্গে বিরোধ বা শত্রুতা রয়েছে, তার ছোট অপরাধকেও বড় করে দেখা হয়। ফলে অভিযোগের সত্যতা যাচাইয়ের পরিবর্তে ব্যক্তিগত সম্পর্ক ও বিরোধ অনেক ক্ষেত্রে প্রতিক্রিয়ার ধরন নির্ধারণ করে।

অন্যদিকে, আমাদের সমাজ এখনো প্রত্যাশিত মাত্রায় প্রাতিষ্ঠানিক ও অধিকারভিত্তিক হয়ে উঠতে পারেনি। একটি সুস্থ সমাজে আইনের যথাযথ প্রয়োগ থাকবে। প্রত্যেক মানুষ তার অবস্থান নির্বিশেষে সমান গুরুত্ব পাবেন। মানুষের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা থাকবে। কিন্তু বাংলাদেশের সমাজের অগ্রগতি পর্যালোচনা করলে দেখা যায়, এসব ক্ষেত্রে আমরা এখনো প্রত্যাশিত অবস্থানে পৌঁছাতে পারিনি।

এর ফলে মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ, অসহিষ্ণুতা ও ব্যক্তিগত বিরোধ প্রকাশের ক্ষেত্র হয়ে উঠছে অন্যের বিরুদ্ধে অভিযোগ। কেউ অপরাধে অভিযুক্ত হলে তার ওপর হামলা চালিয়ে অনেকে নিজের সামাজিক অবস্থান ও ক্ষমতা প্রদর্শন করতে চান। এই মনস্তত্ত্ব সমাজের একটি বড় অংশকে প্রভাবিত করছে।

খোলা কাগজ :  গুজব বা যাচাইহীন তথ্য কি মব তৈরিতে ভূমিকা রাখছে? 

ড. তৌহিদুল হক : অবশ্যই। সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি করেছে। তবে এর পাশাপাশি এর অপরিকল্পিত ও দিকনির্দেশনাহীন ব্যবহারও বেড়েছে। ফলে গুজব কিংবা যাচাইহীন তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। এসব তথ্যের প্রভাবে কেউ ব্যক্তিগতভাবে প্রতিশোধ নিতে চাইছেন। আবার কেউ দলবদ্ধ হয়ে মব তৈরি করছেন। এর মধ্য দিয়ে তারা নিজেদের ক্ষমতা ও দাপট দেখানোর চেষ্টা করছেন।

একজন সচেতন ও অধিকারবোধসম্পন্ন মানুষ কোনো মন্তব্য বা লেখায় ক্ষুব্ধ হলে প্রথমে সেটির সত্যতা যাচাই করবেন। এরপর গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে আইনি প্রতিকার চাইবেন। কিন্তু আমাদের সমাজে এ চর্চা এখনো সর্বত্র গড়ে ওঠেনি। বরং অনেকেই নিজের শক্তি থাকলে আইনগত পথে না গিয়ে নিজেরাই ব্যবস্থা নিতে চান।

খোলা কাগজ :  পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সহনশীলতা তৈরিতে কতটা ভূমিকা রাখছে?

ড. তৌহিদুল হক : অধিকাংশ পরিবারের একার পক্ষে তরুণদের সঠিকভাবে গড়ে তোলা সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা। অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরিতে যে ভূমিকা রাখত, বর্তমানে সেখানে রাজনীতি ও ক্ষমতার প্রভাব বেড়েছে। ফলে এসব প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয় বা নিরুপায় হয়ে পড়েছে। এর প্রভাব পড়ছে তরুণদের আচরণে। এতে অসহিষ্ণুতা ও আক্রমণাত্মক মনোভাব বাড়ছে। মানবিক সম্পর্কেও তৈরি হচ্ছে গভীর সংকট।

খোলা কাগজ :  মব সহিংসতা বন্ধে সরকার কী পদক্ষেপ নিতে পারে?

ড. তৌহিদুল হক : মব সহিংসতা বন্ধে সরকারের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমেই মব সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নিতে হবে। অপরাধী যে দলেরই হোক কিংবা তার রাজনৈতিক পরিচয় যা-ই হোক, কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে পারলে অন্যরাও এ ধরনের সহিংসতা থেকে বিরত থাকবেন।

দ্বিতীয়ত, সমাজের গণ্যমান্য ও আস্থাভাজন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে মব সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর মাধ্যমে সমাজে স্বাভাবিক শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা সম্ভব।

তৃতীয়ত, মব সহিংসতায় কিশোর গ্যাংয়ের সদস্যদের পাশাপাশি সুবিধাবঞ্চিত, বেকার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ঝরে পড়া তরুণদের অংশগ্রহণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এসব তরুণের জন্য দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করতে হবে। কারণ, বেকারত্ব ও সুযোগের অভাবে অনেক তরুণ সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। 


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মব সহিংসতা   বিচারহীনতার সংস্কৃতি  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close