ইউরোপসহ বিভিন্ন দেশে ভালো বেতনে চাকরির আশ্বাস দিয়ে বাংলাদেশি কর্মীদের শ্রীলঙ্কায় পাঠানোর অভিযোগ উঠেছে। তবে দেশটিতে পৌঁছানোর পর অনেককে অনিশ্চয়তার মধ্যে রেখে দালাল ও এজেন্সির প্রতিনিধিরা দেশে ফিরে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খাবার, আবাসন ও অর্থসংকটে মানবেতর জীবন কাটাচ্ছেন এসব কর্মী। নিরাপদে দেশে ফিরতে সরকারের জরুরি সহায়তা চেয়েছেন তারা।
কর্মী ও তাদের পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবপাচার ও মানব চোরাচালানের শিকার ব্যক্তিদের উদ্ধার এবং প্রত্যাবাসনে কাজ করা সংগঠন অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন।
সংগঠনটির অভিযোগ, কিছু অসাধু দালাল, ট্রাভেল এজেন্সি ও রিক্রুটিং এজেন্সি ইউরোপের বিভিন্ন দেশ, সার্বিয়া, আলবেনিয়া, বসনিয়া ও ফিজিতে চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কর্মীদের শ্রীলঙ্কায় নিয়ে যাচ্ছে। সেখান থেকে নির্ধারিত গন্তব্যে পাঠানোর আশ্বাস দেওয়া হলেও দেশটিতে পৌঁছানোর পর অনেককে ফেলে রেখে সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশে ফিরে আসছেন।
অনির্বাণের তথ্য অনুযায়ী, এ পরিস্থিতিতে পড়ে কয়েকজন কর্মী নিজেদের উদ্যোগ ও অর্থে দেশে ফিরতে সক্ষম হয়েছেন। তবে এখনো বহু বাংলাদেশি শ্রীলঙ্কার কলম্বোর রণমাল রোড, কাটুনায়েক ও কলম্বো-১৩ এলাকায় অবস্থান করছেন। তাদের অনেকের কাছে খাবার ও আবাসনের ব্যয় বহনের মতো অর্থ নেই। অনিশ্চয়তা ও মানসিক উদ্বেগের মধ্যে দিন কাটছে তাদের। কর্মীদের নিরাপত্তা ও দেশে ফেরা নিয়ে উদ্বিগ্ন তাদের পরিবারের সদস্যরাও।
সংগঠনটির আশঙ্কা, চাকরির প্রলোভনে অন্য দেশে নিয়ে গিয়ে কর্মীদের অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখার এসব ঘটনা প্রতারণামূলক অভিবাসন ও সম্ভাব্য মানবপাচারের ঝুঁকি তৈরি করছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে তারা আরও বড় ধরনের শোষণ ও মানবিক সংকটে পড়তে পারেন।
এ অবস্থায় শ্রীলঙ্কায় আটকে পড়া বাংলাদেশি কর্মীদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে জরুরি স্মারকলিপি দিয়েছে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন। এতে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি মো. আল-আমিন নয়ন।
স্মারকলিপিতে শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের প্রকৃত সংখ্যা ও অবস্থান দ্রুত শনাক্ত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি কলম্বোয় বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, শ্রীলঙ্কা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় এবং দেশে ফেরা পর্যন্ত খাবার, নিরাপদ আবাসন, চিকিৎসা ও জরুরি আর্থিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া কর্মীদের বিদেশে পাঠানোর সঙ্গে জড়িত দালাল, মধ্যস্বত্বভোগী, ট্রাভেল এজেন্সি ও রিক্রুটিং এজেন্সিগুলোর ভূমিকা তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। প্রতারণা কিংবা মানবপাচারের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং এজেন্সিগুলোর লাইসেন্স ও নিয়োগ কার্যক্রম যাচাই করার আহ্বান জানানো হয়েছে।
অনির্বাণের সভাপতি মো. আল-আমিন নয়ন বলেন, ‘মানুষ ভালো কাজের আশায় ঋণ করে, জমিজমা বিক্রি করে বিদেশে যান। কিন্তু সেই স্বপ্ন দেখিয়ে যদি তাদের অন্য একটি দেশে নিয়ে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা হয়, তাহলে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর দায় এড়ানোর সুযোগ নেই। শ্রীলঙ্কায় অবস্থানরত কর্মীদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপত্তা, মানবিক সহায়তা এবং দেশে ফেরার নিশ্চয়তা। আমরা চাই, সরকার দ্রুত তাদের পাশে দাঁড়াক এবং কারা এই প্রতারণার সঙ্গে জড়িত, তা তদন্ত করে জবাবদিহি নিশ্চিত করুক।’
সংগঠনটি মনে করে, শ্রীলঙ্কাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে এ ধরনের প্রতারণা বন্ধে বিমানবন্দরসহ দেশের অভিবাসন ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে দেশে ফিরে আসা ক্ষতিগ্রস্ত কর্মীদের সম্ভাব্য মানবপাচারের ভুক্তভোগী হিসেবে শনাক্ত করে আইনি সহায়তা, মনোসামাজিক সেবা ও পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে তারা। কোনোভাবেই এসব কর্মীকে অপরাধী হিসেবে বিবেচনা না করার বিষয়েও গুরুত্ব দিয়েছে সংগঠনটি।
এ সমস্যা মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), বাংলাদেশ হাইকমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ চেয়েছে সংগঠনটি। স্মারকলিপির অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে।
উল্লেখ্য, অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন মানবপাচারের প্রত্যক্ষ অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নেতৃত্বে পরিচালিত একটি সংগঠন। নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের সহায়তা, নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছে সংগঠনটি।
কেকে/সাশ