হাম সংক্রমণের পর নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রকাপ দেখা দিচ্ছে আক্রান্তদের শরীরে। হাম নিজে কোনো জটিল সংক্রমণ নয়, তবে হামের ভাইরাস রোগীর রোগ প্রতিরোধ-ব্যবস্থাকে আঘাত করে। কিছুদিনের জন্য হলেও অকার্যকর করে দেয় শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থা। এ সময় আক্রান্ত ব্যক্তির শরীরে ঢুকে পড়ে নানা জীবাণু। হামের কারণে শরীরের ভিটামিন এ-এর মজুতও ঘাটতিতে পড়ে। শিশুমৃত্যুর মূল কারণ এই পরবর্তী সংক্রমণ, বিশেষ করে নিউমোনিয়াসহ বিভিন্ন রোগ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ, যা শরীরের রোগ প্রতিরোধক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল বা সাময়িকভাবে অক্ষম করে দেয় (যাকে চিকিৎসাবিজ্ঞানে ‘ইমিউনিটি অ্যামনেসিয়া’ বা রোগ প্রতিরোধ ক্ষমতার স্মৃতিভ্রম বলা হয়)। এ কারণে হাম থেকে সেরে ওঠার সময় বা ঠিক পরপরই শিশুরা নানা ধরনের মারাত্মক জটিলতায় আক্রান্ত হতে পারে। যেমন: নিউমোনিয়া, ভিটামিন এ ঘাটতি হওয়ার কারণে চোখের পানি কমে যাওয়া, রাতকানা, কর্নিয়া ঘোলাসহ অন্ধত্ব, ডায়রিয়া, শরীরে পানিশূন্যতা ও প্রস্রাব কমে যাওয়া, কান পাকা, মুখের ভেতর ঘা এবং ব্রেনে প্রদাহসহ দীর্ঘমেয়াদি খিঁচুনি রোগ।
দেশজুড়ে শিশুস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে হাম। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই রোগে প্রতিদিন প্রায় ৪-৬ জন মানুষ প্রাণ হারাচ্ছেন। ভুক্তভোগীদের অধিকাংশই পাঁচ বছরের কম বয়সি শিশু।
গতকাল সোমবার (১৬ নভেস্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৫০৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে হাম উপসর্গে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে মৃত্যুর সংখ্যা ও শনাক্তের হার সবচেয়ে বেশি।
১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগী ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জন। এদের মধ্যে মোট নিশ্চিত হাম রোগী ২৫ হাজার ৪৪২ জন। এ সময়ে সন্দেহজনক হামে মৃত্যু ১২১৩ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হাম থেকে বেঁচে গেলেও অনেক শিশুর শরীরে এর দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব বা স্থায়ী পঙ্গুত্ব থেকে যেতে পারে। গুরুতর ক্ষেত্রে এনসেফালাইটিস বা মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা দেখা দেয়। এ ছাড়া, হাম থেকে সেরে ওঠার দীর্ঘদিন পরও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘ইমিউনিটি অ্যামনেশিয়া’ বলা হয়। এর ফলে শিশুরা অন্যান্য সংক্রামক রোগে আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। টিকা না নেওয়া যে কোনো শিশুই এই ঝুঁকিতে রয়েছে, তবে অপুষ্টিতে ভোগা এবং পাঁচ বছরের নিচের শিশুরা সবচেয়ে বেশি বিপদাপন্ন। যদিও এ রোগের প্রাদুর্ভাব ঠেকাতে এবং শিশুদের সুরক্ষিত রাখতে টিকাদানই সবচেয়ে কার্যকর ও নিরাপদ উপায়।
হাম প্রতিরোধী টিকার দুটি ডোজ একজন মানুষকে আজীবনের জন্য ৯৯ শতাংশ সুরক্ষা দেয়। বিশ্বের অধিকাংশ দেশ তাদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে হামের টিকা অন্তর্ভুক্ত করলেও এখনো বিপুলসংখ্যক শিশু টিকার বাইরে রয়ে গেছে। মূলত বৈষম্য, দারিদ্র্য এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কারণেই এই শিশুরা টিকা পাচ্ছে না।
হাম অত্যন্ত দ্রুত ছড়ায় বলে কোনো জনগোষ্ঠীকে এর প্রাদুর্ভাব থেকে বাঁচাতে হলে অন্তত ৯৫ শতাংশ বা তার বেশি মানুষকে টিকার দুটি ডোজের আওতায় আনা জরুরি। কিন্তু বর্তমানে বিশ্বব্যাপী হামের টিকার প্রথম ডোজ গ্রহণের হার মাত্র ৮৪ শতাংশ এবং দ্বিতীয় ডোজের হার মাত্র ৭৬ শতাংশ, যা প্রয়োজনীয় সুরক্ষার তুলনায় অনেক কম। টিকাদানের এই ঘাটতির কারণেই ভাইরাসটি ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে এবং টিকাবঞ্চিত শিশুসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে চরম বিপদের মুখে ফেলছে।
সরেজমিন দয়াগঞ্জের ইবনে সিনা হাসপাতালে গিয়ে দেখা গেছে বরিশালে থেকে আসা শিশু জিহান সাবা (৬) হামে আক্রান্ত হওয়ার পর নিউমোনিয়াতে ভুগছে। এ বিষয়ে তার মা আসামা বেগম জানান, আমার মেয়ের শরীরের প্রথমে হামের উপসর্গ দেখা দেয়। পরে স্থানীয় হাসপাতালের চিকিৎসকের পরামর্শে রোগের উপশম হয়। কিন্তু, এরপর আবার নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছে। এরপর ঢাকায় এসেছি মেয়কে ডাক্তার দেখাতে।
অপরদিকে যাত্রাবাড়ীর পপুলার হাসপাতালে গিয়ে দেখা যায় হামে আক্রান্ত হওয়ার পর ডেমরার শিশু মারিয়া (৪) চোখে কম দেখছে। এ বিষয়ে তারা মা রাশিদা বেগম জানান, আমার মেয়ে হামে আক্রান্ত হওয়ার পর খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে। এখন সে চোখে কম দেখছে। এ কারণে ডাক্তার দেখাতে এসেছি।
এ বিষয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, হাম হলে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এটাকে চিকিৎসাবিজ্ঞানে ‘ইমিউনিটি অ্যামনেসিয়া’ বা রোগ প্রতিরোধ ক্ষমতার স্মৃতিভ্রম বলা হয়। এর ফলে নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতার সৃষ্টি হয়। এ অবস্থা থেকে রেহাই পেতে হামের টিকা নিতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হামের পর ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে। দুধ, মাছ, মাংস ও অন্যান্য পুষ্টিকর খাবার খাওয়া উচিত। বাচ্চা ছোট হলে মাকে খাওয়াতে হবে, তখন শিশু মায়ের দুধ থেকে ওই পুষ্টিগুলো পাবে। হামের পর কোনো রোগ হলে চিকিৎসকের পরামর্শ অনুসারে ব্যবস্থা নিতে হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী বলেন, হাম একটি ভাইরাস জনিত রোগ। এর ফলে রোগের ভাইরাসের প্রকোপ ফুসফুসে হলে নিউমোনিয়া, চোখে হলে অন্ধত্ব এবং মাথায় হলে এনসেফালাইটিস বা মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা দেখা দেয়। এছাড়া বিভিন্ন শারীরিক জটিলতার সৃষ্টি হয়। হামের কোনো চিকিৎসা নেই। এ কারণে এ রোগ হলে বিশ্রাম নিতে হবে, পর্যাপ্ত পানি পানসহ সুষম খাবার খেতে হবে। ছয় মাস বয়স পর্যন্ত শিশুদের মায়ের দুধ খেতে হবে। হাম সেরে যাওয়ার পর অন্য রোগ হলে ঠিকভাবে চিকিৎসা করাতে হবে।
কেকে/সাশ