যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে ইরান—এমন তথ্য পেয়েছে মার্কিন গোয়েন্দারা। তবে হামলার পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা বা ইরান আদৌ হামলা চালাবে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।
সাত মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের পরিকল্পনায় নির্দিষ্ট কিছু স্থান ও লক্ষ্যবস্তুর উল্লেখ রয়েছে। এ নিয়ে গত সপ্তাহে একাধিক বৈঠক করেছে মার্কিন প্রশাসন। তবে আপাতত এটিকে আসন্ন হামলার ইঙ্গিত নয়, বরং সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে দেখছেন কর্মকর্তারা।
হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেছেন, যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে। তবে বর্তমানে দেশের অভ্যন্তরে বিশ্বাসযোগ্য কোনো হামলার হুমকি নেই।
মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, প্রচলিত বোমার সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে তৈরি ডার্টি বোমা ব্যবহার করা হতে পারে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির উপকরণ মজুত থাকার দাবিও করেছে ইরান। তবে এ তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।
এদিকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন। এক বিবৃতিতে তারা বলেছে, যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে অবৈধ মনে করে ইরান।
মার্কিন কর্মকর্তারা মনে করছেন, চলমান সামরিক সংঘাত ও অর্থনৈতিক অবরোধের চাপে ইরান আরও কঠোর পদক্ষেপের কথা বিবেচনা করতে পারে। তবে এমন হামলা চালালে ইরানকে ভয়াবহ পাল্টা জবাবের মুখে পড়তে হবে বলেও সতর্ক করেছেন তারা।
সূত্র: সিএনএন
কেকে/সাশ