মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ      ● মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      ● বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার      ● মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ      
দেশজুড়ে
গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:২৩ পিএম আপডেট: ১৭.১১.২০২৬ ১২:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশ্রমিকরা। এতে দুই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীসহ সাধারণ মানুষ। এদিকে চলমান শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের ২৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের আঘাতে এক সাংবাদিকও গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মহানগরের নাওজোড় এলাকায় লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে চান্দনা চৌরাস্তা এলাকায় শ্রমিকদের আরেকটি দল বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে নামলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছয়দানা কলম্বিয়া এলাকাতেও বিভিন্ন কারখানার শ্রমিকরা জড়ো হয়ে সড়কে অবস্থান নেন।

শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে কয়েক দিন ধরে গাজীপুর মহানগর ও কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় আন্দোলন চালিয়ে আসছেন তারা।

শিল্প পুলিশ জানায়, সোমবার (১৬ নভেম্বর) সকালে কোনাবাড়ী এবং বিকেলে চান্দনা চৌরাস্তা ও ভোগড়া এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন। এর ধারাবাহিকতায় মঙ্গলবারও বিভিন্ন স্থানে সড়ক অবরোধের ঘটনা ঘটে। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, থানা পুলিশ ও বিজিবি সদস্যরা কাজ করছেন।

এদিকে শ্রমিক আন্দোলনের কারণে কোনাবাড়ী, মৌচাক, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ২৬টি পোশাক কারখানা সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় নতুন করে আরও পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় দৈনিক কালবেলার গাজীপুর প্রতিনিধি মামুন গুরুতর আহত হয়েছেন। ভোগড়া বাইপাস এলাকায় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের আঘাতে তার বাম পা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, কয়েকটি এলাকায় সকালে শ্রমিকরা অবস্থান নিয়েছিলেন। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকরা জড়ো হয়েছেন। সেখানে পুলিশ ও বিজিবির সদস্য পাঠানো হয়েছে।



কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   মহাসড়ক অবরোধ   ২৬ কারখানা বন্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close