ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সাত প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
ঢাকার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়াসহ বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় মোতায়েন রয়েছে ১৫ প্লাটুন। অন্যদিকে নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় দায়িত্ব পালন করছেন সাত প্লাটুন বিজিবি সদস্য।
এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
শিল্পাঞ্চলে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে বিজিবি। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
কেকে/সাশ