বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা সম্মেলনে উঠে আসা তথ্য স্বস্তি ও উদ্বেগ দুটোই তৈরি করেছে। গত দুই বছরে কিছু সূচকে অগ্রগতি হয়েছে, কিন্তু ঋণ পরিশোধের চাপ কমেনি, বরং সামনে আরও বাড়ার পূর্বাভাস রয়েছে।
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন পর্যন্ত সরকারি ঋণ ছিল প্রায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকা, যা জিডিপির প্রায় ৩৬ শতাংশ। বৈদেশিক ঋণ দাঁড়িয়েছিল প্রায় ১০৪ বিলিয়ন ডলারে। কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ দুই বছরে ৭৩০ কোটি থেকে বেড়ে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকায় ওঠে, রিজার্ভ নেমে আসে সাড়ে ২০ বিলিয়ন ডলারের কাছাকাছি, আর ভর্তুকি ও জ্বালানি আমদানির বিপুল বকেয়া জমে গেছে। এটি বিগত সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনারই ফল। বর্তমান সরকারের সময়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ কমে ৪৮২ কোটি টাকায় নেমেছে, রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং ট্রেজারি বিলের সুদের হার ৮ থেকে ৯ শতাংশে নেমেছে। এসব অর্জন প্রশংসার দাবি রাখে। তবে ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হয়েছে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা ২০২৯-৩০ অর্থবছরে ৫ দশমিক ৫ বিলিয়নে পৌঁছাতে পারে। দুর্বল রাজস্ব আয় ও ভঙ্গুর ব্যাংকিং খাত নিয়ে এই চাপ সামলানো সহজ হবে না।
আইএমএফের কর্মসূচি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যও গুরুত্বপূর্ণ। তিনি জানিয়েছেন, কর্মসূচি থেকে সরে আসার পরিকল্পনা নেই, তবে শর্তগুলো দেশের বাস্তবতা ও সরকারের পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে আলোচনা শেষ হবে। সাধারণ মানুষের ওপর হঠাৎ চাপ এড়ানোর যুক্তি অযৌক্তিক নয়, কিন্তু সমন্বয়ের নামে সংস্কার পিছিয়ে দেওয়া চলবে না। এই পরিস্থিতিতে সরকারের কিছু জরুরি পদক্ষেপ নেওয়া জরুরি। করের আওতা বাড়ানো, অযৌক্তিক অব্যাহতি প্রত্যাহার এবং ভ্যাট ও আয়করের ডিজিটালাইজেশনের সময়সীমা ঘোষণা করতে হবে। বাড়তি চাপ যেন সাধারণ মানুষের ওপর না পড়ে, তা নিশ্চিত করতে হবে। এই অঙ্গীকার ভবিষ্যৎ সরকারের জন্যও বাধ্যতামূলক করতে স্পষ্ট আইনি সীমা নির্ধারণ করা প্রয়োজন। নতুন প্রকল্পের আগে চলমান প্রকল্প শেষ করতে হবে এবং বড় প্রকল্পের স্বাধীন মূল্যায়ন প্রকাশ করতে হবে।
ব্যয়বহুল স্বল্পমেয়াদি ঋণ এড়িয়ে বন্ড ও সুকুকের মাধ্যমে অর্থ সংগ্রহ বাড়াতে হবে এবং পেনশন তহবিল ও বিমা কোম্পানিকে স্থানীয় বন্ড বাজারে যুক্ত করতে হবে। একীভূত ডেট ম্যানেজমেন্ট অফিস গঠন এবং আধুনিক পাবলিক ডেট অ্যাক্ট প্রণয়নে দেরি করা চলবে না। বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা ও মধ্যমেয়াদি ঋণ কৌশল নিয়মিত প্রকাশ করতে হবে। ভর্তুকি বকেয়ার হিসাব জনসমক্ষে আনতে হবে এবং সরকারি গ্যারান্টির সীমা ও ফি নির্ধারণ করতে হবে। সরকারি ব্যাংকের পুনঃমূলধনীকরণ হতে হবে কঠোর জবাবদিহির মাধ্যমে, যাতে জনগণের করের অর্থ আবার খেলাপির পেছনে না যায়। কোন শর্ত বদলাচ্ছে এবং তার প্রভাব কী, তা সংসদ ও জনগণকে জানাতে হবে।
২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি এবং ২০২৯ সালে নির্বিঘ্নে এলডিসি উত্তরণের লক্ষ্য উচ্চাভিলাষী, তবে অর্জনযোগ্য। সেখানে পৌঁছাতে ঋণ বাড়ানোই যথেষ্ট নয়; রাজস্ব সক্ষমতা, বিনিয়োগের মান ও পরিশোধের সামর্থ্য একসঙ্গে নিশ্চিত করাই সরকারের আসল পরীক্ষা। সম্মেলনের প্রতিশ্রুতি যেন কেবল বক্তৃতায় সীমাবদ্ধ না থাকে, জনগণ সেটাই প্রত্যাশা করে।
কেকে/সাশ