এক দেশে ছিল এক বিশাল বাগান। একসময় সেখানে ফুল ফুটত, ফল ধরত। কিন্তু দীর্ঘদিনের অবহেলা ও লুটপাটে মাটি অনুর্বর হয়েছে, শিকড়ে পচন ধরেছে, জলাধার ভরে গেছে কাদায়। এর মধ্যে বহুবার মালি বদলেছে। প্রত্যেক নতুন মালি এসে বাগান উদ্ধারের ঘোষণা দিয়েছেন। নতুন ফলক বসেছে, নতুন স্লোগান উঠেছে, মালির প্রশংসায় দেয়াল ভরে গেছে। শুধু বাগানটির আর সবুজ হওয়া হয়নি। ফুলের চেয়ে মালির প্রতিকৃতিই বড় হয়েছে।
রাষ্ট্রের চিত্রও অনেকটা এমন। ক্ষমতার মুখ বদলায়, প্রতিশ্রুতির ভাষা বদলায়, আশার পোস্টার বদলায়। কিন্তু মানুষের জীবনে পরিবর্তন আসে কতটা? পুরোনো শাসকের বিদায় মানেই কি পুরোনো শাসনব্যবস্থার অবসান? নাকি শুধু মসনদের মালিকানা বদল হয়?
আমাদের রাজনৈতিক সংস্কৃতির বড় দুর্বলতা, আমরা প্রতিষ্ঠান গড়ার চেয়ে নেতা গড়তে বেশি আগ্রহী। কাউকে ত্রাণকর্তা বানাই, কাউকে সর্বনাশের প্রতীক। একজনকে সরালেই সব সমস্যার সমাধান হবে—এমন বিশ্বাসে নতুন একজনের হাতে ক্ষমতার সব চাবি তুলে দিই। তারপর তার ভুলের ব্যাখ্যা দিতে আরেক দল ব্যস্ত হয়। এভাবেই নেতা বদলায়, নেতাবন্দনা বদলায় না।
রাষ্ট্র কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি আইন, প্রতিষ্ঠান, জবাবদিহি ও নাগরিক অধিকারের সমষ্টি। একজন সৎ শাসক অবশ্যই কাম্য; কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা তার ব্যক্তিগত সততার ওপর ছেড়ে দেওয়া যায় না। কারণ, ভালো মানুষ চিরকাল ক্ষমতায় থাকবেন না। বরং এমন প্রতিষ্ঠান দরকার, যেখানে অসৎ মানুষও ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না।
এক কাল্পনিক জনপদে গোলাঘর থেকে শস্য চুরি হতো। প্রজারা চোর তাড়ানোর দাবি তুলল। মোড়ল নতুন পাহারাদার আনলেন। তার সততার প্রশংসায় গ্রাম মুখর হলো। কিছুদিন পর দেখা গেল, শস্য চুরি বন্ধ হয়নি; শুধু চুরির পদ্ধতি বদলেছে। আগের পাহারাদার রাতের আঁধারে শস্য নিতেন, নতুনজন দিনের আলোতেই হিসাবের খাতা গায়েব করেন। প্রজারা প্রতিবাদ করলে মোড়ল বললেন, নতুন পাহারাদার আগের মতো নন! প্রজারা জানতে চাইল, তাহলে শস্য যাচ্ছে কোথায়? মোড়ল বললেন, এ প্রশ্ন এখন তোলার সময় নয়। আগে তার কাজের সুযোগ দিন! গল্পটি কাল্পনিক, কিন্তু এর শিক্ষা স্পষ্ট। অন্যায়ের অবসান ঘটাতে গিয়ে আরও বড় অন্যায়ের দরজা খুলে দিলে তাকে পরিবর্তন বলা যায় না। সেটি কেবল লুণ্ঠনের ব্যবস্থাপনা বদল। চোর তাড়িয়ে ডাকাত বসালে গোলাঘরের তালা বদলায়, লুণ্ঠনের ইতিহাস বদলায় না।
তাই প্রশ্ন শুধু কে ক্ষমতায় এলেন, তা নয়; তিনি কোন নিয়মের অধীন থাকবেন? তার সিদ্ধান্তের জবাবদিহি কে নিশ্চিত করবে? রাষ্ট্রের সম্পদ রক্ষার দায়িত্ব যার, তার হাতেই যেন চাবি, হিসাব ও পাহারার একচ্ছত্র ক্ষমতা না থাকে—সেই ব্যবস্থা কোথায়?
রাষ্ট্রের শক্তি শাসকের বক্তৃতায় নয়, প্রতিষ্ঠানের কার্যকারিতায়। বিচার বিভাগ স্বাধীন না হলে ন্যায়বিচার ক্ষমতার অনুগ্রহে পরিণত হয়। প্রশাসন নিরপেক্ষ না হলে যোগ্যতার চেয়ে পরিচয় বড় হয়। নির্বাচনব্যবস্থা বিশ্বাসযোগ্য না হলে জনগণের মতামত আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়। দুর্নীতি দমনকারী প্রতিষ্ঠান স্বাধীন না হলে দুর্নীতির বিচারও বেছে বেছে হতে পারে। প্রতিষ্ঠান শক্তিশালী হলে ক্ষমতাবানকে প্রশ্ন করা যায়। দুর্বল হলে শাসকের সদিচ্ছাই নাগরিকের একমাত্র ভরসা। অর্থাৎ অধিকার তখন আর অধিকার থাকে না, হয়ে ওঠে ক্ষমতাবানের দয়ার দান। অথচ নাগরিক রাষ্ট্রের অনুগ্রহপ্রার্থী নন; রাষ্ট্রই নাগরিকের অধিকার রক্ষার দায়ে নিয়োজিত।
আমরা প্রায়ই প্রতিষ্ঠানের সংস্কারের চেয়ে নেতার প্রশংসায় বেশি সময় দিই। কে কত জনপ্রিয়, কার বক্তৃতায় কত হাততালি—তার হিসাব আছে; কিন্তু বিচার বিভাগের স্বাধীনতা কিংবা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তেমন উত্তেজনা নেই। যেন রাষ্ট্র পরিচালনা একটি বক্তৃতা প্রতিযোগিতা, আর হাততালিই সুশাসনের সনদ!
ক্ষমতার চারপাশে তোষামোদকারীদেরও অভাব হয় না। তারা ব্যর্থতাকে বলেন কৌশল, ভুলকে বলেন দূরদর্শিতা, আর সমালোচনাকে বলেন ষড়যন্ত্র। শাসকের প্রতিটি সিদ্ধান্তে প্রশংসার ফুল ছিটাতে ছিটাতে তারা একসময় সত্যের পথটাই বন্ধ করে দেন। যে দরবারে প্রশ্নের চেয়ে প্রশংসার দাম বেশি, সেখানে ভুলেরও নিরাপদ আশ্রয় তৈরি হয়।
সমালোচনা শত্রুতা নয়; বরং ক্ষমতার অপব্যবহার ঠেকানোর উপায়। যে নেতৃত্ব প্রশ্ন সহ্য করতে পারে না, সে নেতৃত্ব নিজের ভুলও দেখতে পায় না। আয়না ভেঙে ফেললে মুখের দাগ মুছে যায় না। উঁচু ভবন, দীর্ঘ সড়ক কিংবা বড় প্রকল্পের তালিকা উন্নয়নের সম্পূর্ণ হিসাব নয়। তরুণের কর্মসংস্থান, কৃষকের ন্যায্য দাম, শ্রমিকের সম্মানজনক মজুরি, সাধারণ মানুষের চিকিৎসা ও ন্যায়বিচারের সুযোগ—এসবই রাষ্ট্রের সাফল্যের প্রকৃত মাপকাঠি। নাগরিকের প্রাপ্য সেবা কোনো নেতা বা দলের দয়া নয়; এটি অধিকার। রাজনৈতিক দলগুলোকেও বুঝতে হবে, রাষ্ট্র তাদের দলীয় সম্পত্তি নয়। আজ যারা ক্ষমতায়, কাল তারাই বিরোধী দলে যেতে পারে। আজ যারা অন্যের জবাবদিহি দাবি করছে, কাল তাদেরও জবাব দিতে হতে পারে। তাই ক্ষমতায় থাকলে যে প্রতিষ্ঠানকে দুর্বল করতে ইচ্ছে করে, বিরোধী দলে গেলে সেই প্রতিষ্ঠানই আবার সবচেয়ে বেশি প্রয়োজন হয়—এই দ্বিচারিতা বন্ধ করতে হবে।
নাগরিকদেরও ব্যক্তি মোহ কাটাতে হবে। পছন্দের নেতা ভুল করলে প্রশ্ন করতে হবে, অপছন্দের পক্ষ সঠিক কাজ করলে স্বীকার করতে হবে। দলীয় আনুগত্যের কারণে অন্যায়কে ন্যায় বলা দেশপ্রেম নয়; অন্যায়ের পক্ষ নেওয়া। শেষ পর্যন্ত ইতিহাস মনে রাখে না, কে কত জোরে পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন। ইতিহাস বিচার করে, কে কতটা শক্তিশালী প্রতিষ্ঠান রেখে গেছেন, কতটা নিরাপদ করেছেন নাগরিকের অধিকার, কতটা সীমাবদ্ধ করেছেন ক্ষমতার স্বেচ্ছাচার।
মালি বদলানো সহজ, বাগানের মাটি সারানো কঠিন। পাহারাদার বদলানো সহজ, গোলাঘরের হিসাব স্বচ্ছ করা কঠিন। শাসকের মুখ বদলানো সহজ, ক্ষমতাকে আইনের অধীন করা কঠিন। অথচ রাষ্ট্রের প্রকৃত মুক্তি সেই কঠিন কাজগুলোর মধ্যেই। মসনদে মানুষ বদলানো ক্ষমতার পালাবদল; কিন্তু মসনদকেই আইনের অধীন করতে পারাই প্রকৃত পরিবর্তন—নইলে চোরের বিদায়ে ডাকাতের অভিষেক ছাড়া ইতিহাসে নতুন কিছু লেখা হয় না।
লেখক: রাজনৈতিক বিশ্লেষক
কেকে/সাশ