কিশোরগঞ্জের করিমগঞ্জে বাড়ির পাশের গাছ থেকে জলপাই পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর মিয়া (৩৫) নামে যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের নাহিরাজ পাড়া বান্নিঘাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর মিয়া ওই গ্রামের মোহাম্মদ জামির উদ্দিনের ছেলে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি জলপাই গাছ থেকে ফল পাড়তে গাছে ওঠেন আলমগীর। এ সময় গাছের সংস্পর্শে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বিদ্যুতের ঝটকায় গাছ থেকে নিচে পড়ে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা আদিব হাসান বলেন, “সকালে হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি, আলমগীর গাছ থেকে নিচে পড়ে আছেন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করি। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি।”
প্রতিবেশী ঝুমা আক্তার বলেন, “আলমগীর খুবই সহজ-সরল মানুষ ছিলেন। বাড়ির পাশের গাছ থেকে জলপাই পাড়তে গিয়ে এমন দুর্ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। তাঁর আকস্মিক মৃত্যুতে আমরা সবাই শোকাহত।”
নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জলপাই পাড়তে গিয়ে আলমগীর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কেকে/সাশ