গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এসব ঘটনায় যাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, গোপালগঞ্জের ঘটনা নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীও এ বিষয়ে বক্তব্য দিয়েছেন। সরকার দেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। আওয়ামী লীগের নামে বর্তমানে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এ অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। এর বাইরে সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ‘যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে সেখানে যৌথবাহিনী রয়েছে। তারা গ্রেপ্তার হবে এবং নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবেন।’
গোপালগঞ্জে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে পুলিশ অপরিহার্য প্রতিষ্ঠান। তবে পুলিশকে যতটা সম্ভব কম বলপ্রয়োগ করে এবং হতাহতের ঘটনা এড়িয়ে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে প্রথম দিন পরিস্থিতি যে মাত্রায় সহিংস ছিল, তাতে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যে কৌশল নিয়েছে, তা পরিস্থিতি ব্যবস্থাপনার অংশ। সরকারের মতে, এ ক্ষেত্রে সঠিক পথেই এগিয়েছে প্রশাসন।
আগামী ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি নিয়ে সরকারের উদ্বেগ আছে কি না, জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, এ কর্মসূচি ঢাকায় তেমন কোনো প্রভাব ফেলবে বলে সরকার মনে করছে না। সারা দেশেও বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা নেই। আগেও এ ধরনের কর্মসূচি হয়েছে, সেগুলো নিয়ে সরকার বড় ধরনের কোনো সমস্যা দেখেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘নন-পলাতক আওয়ামী লীগ’ প্রসঙ্গে তিনি বলেন, পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে দেশে অবস্থানরত যারা এসব কর্মকাণ্ডে জড়াচ্ছেন, তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। কারণ, এ ধরনের কর্মকাণ্ড ফৌজদারি অপরাধ। এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিদেরই বহন করতে হবে।
গোপালগঞ্জের ঘটনায় পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, দায়িত্ব পালনে কোথাও অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রত্যাহার করা মানেই সংশ্লিষ্ট কর্মকর্তা ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছেন, এমন নয়। বরং পরিস্থিতি মোকাবিলায় আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত আসে।
কেকে/সাশ