রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। তার সঙ্গে কর্মসূচিতে অংশ নিয়েছেন রাবি সংস্কার আন্দোলনের নেতারা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে এ কর্মসূচি শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছিল।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘রাকসু না সিন্ডিকেট, রাকসু রাকসু’, ‘প্রশাসনের কালক্ষেপণ মানবে না শিক্ষাঙ্গন’, ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’, ‘ঘুম ভাঙো, চোখ খোলো, রাকসু কবে সেটা বলো’ এবং ‘রাকসু আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় সালাহউদ্দিন আম্মার বলেন, ‘ক্যাম্পাসে এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সব রাজনৈতিক দলের ভাই-বোনেরাও রাকসু চান। আমি বিশ্বাস করি, সবাই রাকসু চাচ্ছেন। তাই দ্রুত সময়ের মধ্যে রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আমাদের কর্মসূচি চলমান থাকবে।’
এদিকে কর্মসূচিতে আম্মার ও রাবি সংস্কার আন্দোলনের নেতাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন মঞ্চ-২৪-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতারা।
কেকে/সাশ