মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ      ● মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      ● বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার      ● মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ      
অর্থনীতি
জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা, গঠিত হবে তিন স্তরের কমিটি
মোহাম্মদ আলী
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জমি ও স্থাবর সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা জারি করেছে নিবন্ধন অধিদপ্তর। সংশোধিত বিধান অনুযায়ী, এখন থেকে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে জমির শ্রেণি, ব্যবহার, অবস্থান, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, স্থানীয় বাজারমূল্য ও সাম্প্রতিক ক্রয়-বিক্রয়ের তথ্যসহ ছয়টি বিষয় বিবেচনায় নিতে হবে। নির্ধারিত বাজারমূল্যের তালিকা সংশ্লিষ্ট এলাকার জন্য তিন বছর কার্যকর থাকবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ‘সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’ অধিকতর সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এসআরও নম্বর ৪০২-আইন/২০২৬ অনুযায়ী, রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৯০৮’-এর ৬৯ ধারার উপধারা (১)’-এর দফা (ক)তে প্রদত্ত ক্ষমতাবলে সরকারের পূর্বানুমোদনক্রমে এ সংশোধন করা হয়েছে। এতে সই করেছেন নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ।

সংশোধিত বিধিমালায় প্রথমেই বিধি ১’-এর উপবিধি (১) থেকে ‘সর্বনিম্ন’ শব্দটি বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি বিধি ২-’এর দফা (গ) প্রতিস্থাপন করে ‘বাজার মূল্য’-এর সংজ্ঞায় বলা হয়েছে, ‘এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে বাজার মূল্য অর্থ সম্পত্তির প্রকৃত বাজারমূল্য।’

নতুন বিধান অনুযায়ী, প্রতিটি সাব-রেজিস্ট্রার অফিসের স্থানীয় অধিক্ষেত্রের আওতাভুক্ত ব্যক্তিমালিকানাধীন স্থাবর সম্পত্তির বাজারমূল্য নির্ধারণে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হবে। সিটি করপোরেশন এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে বিভাগীয় কমিটির সভাপতি থাকবেন বিভাগীয় কমিশনার ও সদস্যসচিব হবেন জেলা রেজিস্ট্রার। কমিটিতে গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসন, আয়কর বিভাগ ও প্রযোজ্য ক্ষেত্রে নগর উন্নয়ন কর্তৃপক্ষ বা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন।

অন্যদিকে, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ডভুক্ত এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে জেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে। এ কমিটির সভাপতি থাকবেন জেলা প্রশাসক ও সদস্যসচিব হবেন জেলা রেজিস্ট্রার। কমিটিতে স্থানীয় সরকার বিভাগ, গণপূর্ত অধিদপ্তর, উপজেলা প্রশাসন, পৌরসভা, মৎস্য বিভাগ, ভূমি প্রশাসন, সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রার ও প্রযোজ্য ক্ষেত্রে নগর উন্নয়ন কর্তৃপক্ষ বা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা সদস্য হিসেবে থাকবেন।

সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ডের বাইরে অন্যান্য এলাকার জমির বাজারমূল্য নির্ধারণ করবে উপজেলা কমিটি। এ কমিটির সভাপতি হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদস্যসচিব হবেন উপজেলা সাব-রেজিস্ট্রার। কমিটির অন্য সদস্যরা হলেন উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।

বিধিমালায় বাজারমূল্য নির্ধারণের পদ্ধতিতেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, যে পঞ্জিকা বছরে বাজারমূল্যের মেয়াদ শেষ হবে, ওই বছরের ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে কমিটি প্রতিটি মৌজার স্থাবর সম্পত্তির শ্রেণিভিত্তিক বাজারমূল্যের তালিকা প্রস্তুত করবে। পরে ১৫ ডিসেম্বরের মধ্যে তা নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের কাছে পাঠাতে হবে। মহাপরিদর্শক তালিকা পাওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে তা বিবেচনা করে চূড়ান্ত করবেন এবং এ বিষয়ে আদেশ জারি করবেন।

তবে তিন বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই যৌক্তিক কারণে বাজারমূল্য পুনর্নির্ধারণের প্রয়োজন হলে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের পূর্বানুমতি নিতে হবে। অনুমতি পাওয়ার পর নতুন তালিকা তৈরি করে পরবর্তী ১৫ দিনের মধ্যে তা পাঠানোর বিধান রাখা হয়েছে।

স্থাবর সম্পত্তির বাজারমূল্য নির্ধারণে কমিটিকে ছয়টি বিষয় আবশ্যিকভাবে বিবেচনা করতে হবে। এগুলো হলো ভূমির শ্রেণি, ব্যবহার ও অবস্থান; যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধা; সরকারের মালিকানাধীন সম্পত্তির নির্ধারিত বাজারমূল্য; সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও উন্নয়ন কর্তৃপক্ষের নির্ধারিত বাজারমূল্য; স্থানীয় বাজারমূল্য অনুসন্ধান ও গণশুনানিসহ অন্যান্য যৌক্তিক প্রক্রিয়ায় পাওয়া নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত ও পূর্ববর্তী নিবন্ধিত দলিলের মূল্যসহ সাম্প্রতিক ক্রয়-বিক্রয়ের তথ্য।

বিধিমালায় বলা হয়েছে, ‘কোনো একক বিষয়ের ওপর নির্ভর করে বাজারমূল্য নির্ধারণ করা যাবে না। বরং সংগৃহীত সব তথ্য-উপাত্ত যাচাই ও বিশ্লেষণের মাধ্যমে মূল্য নির্ধারণ করতে হবে। কোনো মৌজায় অবস্থান ও বৈশিষ্ট্যের কারণে বাজারমূল্যের তারতম্য থাকলে একাধিক ক্লাস্টার তৈরি করে মূল্য নির্ধারণের বিধানও রাখা হয়েছে।’

চূড়ান্তভাবে নির্ধারিত বাজারমূল্যের তালিকা সংরক্ষণ ও প্রকাশের জন্য নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের কার্যালয়, জেলা ও দায়রা জজের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা রেজিস্ট্রারের কার্যালয়, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠাতে হবে। পাশাপাশি নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক, জেলা রেজিস্ট্রার, সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে তালিকা প্রদর্শন অথবা সর্বসাধারণের জানানোর ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া, বিশেষ ক্ষেত্রে দলিল নিবন্ধনের বিষয়েও নতুন বিধান যুক্ত করা হয়েছে। চুক্তি প্রবলের মামলার ডিক্রিজারি কার্যক্রমের আওতায় আদালত কর্তৃক সম্পাদিত দলিল প্রদর্শিত মূল্যের ভিত্তিতেই নিবন্ধন করতে হবে। 

অন্যদিকে, বায়না দলিলে সম্পত্তির যে মূল্যই উল্লেখ থাকুক না কেন, তা বাজারমূল্যের চেয়ে কম হলে বিক্রয় দলিল সম্পাদনের সময় বিদ্যমান বাজারমূল্যের ভিত্তিতে নিবন্ধন করতে হবে। আর বায়না দলিলে প্রদর্শিত মূল্য বাজারমূল্যের চেয়ে বেশি হলে ওই দলিলে উল্লেখিত মূল্যের ভিত্তিতে বিক্রয় দলিল নিবন্ধনের বিধান রাখা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ   নতুন বিধিমালা   গঠিত হওয়া   তিন স্তরের কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close