চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় ক্রসিংয়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা খালি তেলবাহী ট্যাংকার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা এবং পরনের কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার দুধপাথিলা মুরগির ফার্ম এলাকাসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেন।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরদী থেকে ছেড়ে আসা খালি বিটিও ট্যাংকারবাহী ট্রেনটি ক্রসিংয়ের জন্য দর্শনার দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় একদল দুর্বৃত্ত ট্রেনের লোকোমোটিভের কাচ ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা লোকোমাস্টার নজরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার কবীর হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। একপর্যায়ে তাদের দুটি মোবাইল ফোন, নগদ ১০ হাজার টাকা ও পরনের কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
হামলার পর আহত অবস্থাতেই দুই লোকোমাস্টার ট্রেনটি চালিয়ে পাশের উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বর্তমানে ট্রেনটি জীবননগনের উথলী রেলওয়ে স্টেশনে অবস্থান করছে। আহত চালকেরা ট্রেন চালানোর মতো অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর এটি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।
আহত নজরুল ইসলাম বলেন, ‘রাত ৩টা ২০ মিনিটের দিকে দর্শনা হল্ট স্টেশনের আগে খুলনা-ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনের ক্রসিংয়ের জন্য অপেক্ষা করছিলাম। এ সময় একদল দুর্বৃত্ত লোকোমোটিভে ঢোকার চেষ্টা করে। দরজা বন্ধ থাকায় তারা কাচ ভেঙে ভেতরে ঢুকে আমাদের এলোপাতাড়ি আঘাত করে।’
তিনি আরও বলেন, ‘দুর্বৃত্তদের হামলায় আমি ও সহকারী লোকোমাস্টার আহত হই। পরে তারা আমাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। ট্রেনটি বর্তমানে উথলী স্টেশনের লুপ লাইনে আছে। আমরা ঈশ্বরদী ফিরে যাচ্ছি। ঊর্ধ্বতনদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জীবননগর উথলী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইয়াসিন আরাফাত জানান, ঘটনার পর থেকে খালি ট্যাংকার ট্রেনটি উথলী স্টেশনে অবস্থান করছে। আহত চালকেরা ট্রেন চালানোর মতো অবস্থায় না থাকায় ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যাবে।
এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
কেকে/ এসএমএন