কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ আয়োজন ঘিরে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কার্নিভালের নামে উপকূলের প্রাকৃতিক সুরক্ষাকবচ হিসেবে পরিচিত ঝাউবনের ক্ষতিসাধন এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের চলাচলের একটি প্রাচীন সড়ক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবেশবাদী সংগঠন, স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে কার্নিভাল বর্জনের ডাক দিয়েছেন পরিবেশবাদীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শৈবাল পয়েন্ট দিয়ে সমুদ্রসৈকতে যাতায়াতের ঐতিহাসিক সড়কটি দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের জন্য উন্মুক্ত ছিল। প্রতিদিন অসংখ্য মানুষ এই পথ ব্যবহার করে সৈকতে যাতায়াত করতেন। তবে তিন মাসব্যাপী কার্নিভাল আয়োজনকে কেন্দ্র করে সড়কটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গেট স্থাপন করা হয়েছে। কার্নিভালে প্রবেশের ক্ষেত্রে টিকিট ও নিয়ন্ত্রণব্যবস্থা চালু করায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দা মো. নজরুল বলেন, ‘শৈবাল পয়েন্ট হয়ে যে সড়কটি রয়েছে, তা সব সময় জনগণের জন্য উন্মুক্ত ছিল। কিন্তু পর্যটন করপোরেশনের আয়োজিত এই কার্নিভালের কারণে আগামী তিন মাস রাস্তাটি সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সৈকতে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি পথ এভাবে অবরুদ্ধ করায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।’
কার্নিভালের আয়োজন ঘিরে উপকূলের ঝাউবনের ক্ষতিসাধনের অভিযোগ করেছেন পরিবেশকর্মীরা। তাদের দাবি, কয়েক দশকের পুরোনো বহু ঝাউগাছ কেটে ফেলা হয়েছে। উপকূলকে ঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় ঝাউবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে এসব গাছের ক্ষতিসাধন পরিবেশ ও প্রতিবেশব্যবস্থার জন্য উদ্বেগজনক।
এ ছাড়া কার্নিভালকে কেন্দ্র করে ঝাউবনসংলগ্ন এলাকায় অতিরিক্ত শব্দদূষণ, কৃত্রিম আলোর ব্যবহার, যত্রতত্র পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ফেলা এবং জীববৈচিত্র্যের আবাসস্থলে মানুষের অনিয়ন্ত্রিত সমাগমের অভিযোগও করেছেন পরিবেশবাদীরা। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের কারণে উপকূলীয় বাস্তুতন্ত্র মারাত্মক হুমকির মুখে পড়তে পারে।
কক্সবাজার পরিবেশ আন্দোলন, আমরা কক্সবাজারবাসী, ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি (ইয়েস) ও স্থানীয় সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে কার্নিভাল বর্জনের আহ্বান জানানো হয়েছে।
পরিবেশবাদী নেতারা জানান, পর্যটনশিল্পের বিকাশে উৎসবের আয়োজন হতে পারে। তবে সেই আয়োজনের কারণে প্রকৃতি ধ্বংস কিংবা সাধারণ মানুষের চলাচলের অধিকার ক্ষুণ্ন করা গ্রহণযোগ্য নয়। টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
তারা অবিলম্বে শৈবাল পয়েন্টের প্রাচীন সড়কটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা, ঝাউগাছের ক্ষতিসাধনের অভিযোগ তদন্ত এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
ঝাউগাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন পর্যটন করপোরেশনের কর্মকর্তারা। তাদের দাবি, কার্নিভাল আয়োজনের জন্য কোনো ঝাউগাছ কাটা হয়নি। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ঝাউগাছের উপরিভাগের কিছু অংশ ছাঁটাই করেছে মাত্র।
এ বিষয়ে বক্তব্য জানতে জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। জেলা প্রশাসক মো. আঃ মান্নানের সঙ্গেও মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
কেকে/ এসএমএন