ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে অস্থিরতা এড়াতে গাজীপুরের টঙ্গী উপজেলায় অর্ধশতাধিক পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে কয়েক ধাপে টঙ্গীর গাজীপুরা ও সাতাইশ এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে গাজীপুরা এলাকার রয়েছে হোপলুন অ্যাপারেলস লিমিটেড, মাসকো কটন লিমিটেড, স্যাটার্ন নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেইস ফ্যাশন, কাই অ্যালুমিনিয়াম, ইএইচ ফেব্রিক, জিজে ক্যাপস, ঐশী ফ্যাশন লিমিটেড, তানাজ ফ্যাশন, ভিয়েলাটেক্স লিমিটেড, স্যাটার্ন-২, দেওটি ফ্যাশন, জিজে ফ্যাশন, ডেনিম ফ্যাশন, এসএস সোয়েটার, সানচেরি বডি ফ্যাশন লিমিটেড, মিক সোয়েটার লিমিটেড, লুজিন ফ্যাশন লিমিটেড, কটন ক্লথিং লিমিটেড, মাসকো এমব্রয়ডারি লিমিটেড ও টিএমএসএস অ্যাপারেলস লিমিটেড।
সাতাইশ এলাকার টিপিও গার্মেন্টস, স্পিরিট, সিভিউ, পার্কভিউ, টিজে সোয়েটার, রিওলাইফ লিমিটেড, সানি সোয়েটার, আরজি অ্যাপারেলস লিমিটেড, ট্রাউজার ল্যান্ড, ওরিয়েন্ট সোয়েটার, এসএম সোয়েটার, মাসকো টেক্স লিমিটেড, মাসকো জি-১, মাসকো জি-২ ও তুসুকা গার্মেন্টস লিমিটেডসহ বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, কারখানা ছুটির পর কয়েকজন শ্রমিক টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টঙ্গীর বিভিন্ন স্থানে তল্লাশিচৌকিও বসানো হয়েছে।
টঙ্গীর সাতাইশ সড়কে অবস্থিত মাসকো কারখানার সিনিয়র ম্যানেজার মো. বোরহান উদ্দিন বলেন, ‘শ্রমিক আন্দোলন এড়াতে দুপুরের দিকে কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।’
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ‘মঙ্গলবার দুপুরে কিছু শ্রমিক গাজীপুরা এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়।’
কেকে/ এসএমএন