মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ      ● মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      ● বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার      
জাতীয়
রেলওয়েকে ঢেলে সাজানোর ঘোষণা প্রতিমন্ত্রী মীর হেলালের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:২৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দীর্ঘ দেড় দশকের অব্যবস্থাপনা ও অনিয়মের জঞ্জাল সরিয়ে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে রেলওয়ে খাতকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। 

তিনি বলেছেন, ‘বর্তমান সরকারের মূল লক্ষ্য কেবল উচ্চবিত্তদের সুবিধা দেওয়া নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠী ও সাধারণ মানুষ যেন স্বল্প খরচে এবং স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, তা নিশ্চিত করা।’

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে বহুল প্রত্যাশিত নতুন কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে মীর হেলাল বিগত সময়ের সমালোচনা করে বলেন, ‘গত ১৭ বছরে রেলওয়ে খাতের প্রতি চরম অবিচার করা হয়েছে। রাষ্ট্রীয় ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ না করায় পুরো ব্যবস্থাটি ভঙ্গুর হয়ে পড়েছিল। এই ধ্বংসস্তূপ থেকে রেলওয়েকে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সময়ের প্রয়োজন। তবে নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বর্তমান সরকারের স্বল্প সময়ের প্রচেষ্টায় বাংলাদেশ রেলওয়েতে দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে।’

নতুন ট্রেন সার্ভিস প্রসঙ্গে মীর হেলাল বলেন, ‘বর্তমানে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে যাতায়াত করা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। নতুন কমিউটার ট্রেন চালুর মধ্য দিয়ে উত্তর চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হলো। সংশ্লিষ্টরা মনে করছেন, এই রেল যোগাযোগ শিক্ষা, ব্যবসায়-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে।যাত্রীদের কর্মব্যস্ততা ও সময়ের চাহিদার কথা বিবেচনা করেই ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’ ট্রেনগুলোর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এর ফলে যাত্রীরা অত্যন্ত মনোরম পরিবেশে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন। প্রাথমিকভাবে সময়সূচি ব্যবস্থাপনায় কিছুটা সমন্বয়ের প্রয়োজন হলেও দ্রুতই সবকিছু পুরোপুরি শৃঙ্খলার মধ্যে চলে আসবে।”

বাংলাদেশ রেলওয়ের আধুনিকায়নের চিত্র তুলে ধরে তিনি জানান, ইতোমধ্যে বেশ কিছু কোচ নতুন করে সংস্কার করা হয়েছে এবং আরও নতুন কোচ ও ইঞ্জিন আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে। এগুলো রেলওয়ের বহরে যুক্ত হলে যাত্রীসেবার মান বহুগুণে বৃদ্ধি পাবে। 

এ জনবান্ধব উদ্যোগ বাস্তবায়নের জন্য তিনি প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী এবং রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উদ্বোধন হওয়া ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’ নামের প্রতিটি ট্রেনে ৭টি করে কোচ যুক্ত থাকছে। এর মধ্যে রয়েছে ৫টি শোভন শ্রেণির কোচ, ১টি পাওয়ার কার এবং ১টি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ। শোভন শ্রেণির প্রতিটি কোচে ৬০টি করে মোট ৩০০টি এবং এসএলআর কোচে ৩৪টিসহ প্রতিটি ট্রেনে সর্বমোট ৩৩৪টি আসন ব্যবস্থা রাখা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের প্রত্যাশা, এই নতুন সার্ভিসের ফলে চট্টগ্রাম-নাজিরহাট রুটে চলাচলকারী শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ যাত্রীদের যাতায়াতে এক নতুন দিগন্তের সূচনা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ শফিকুর রহমান, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) সুজিত কুমার বিশ্বাস, প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব) (অতিরিক্ত দায়িত্ব) মো. শওকত জামিল মোহসী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি-পূর্ব) চিফ কমান্ড্যান্ট মো. জহিরুল ইসলাম।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রেলওয়েকে ঢেলে সাজানো   প্রতিমন্ত্রী মীর হেলাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close