মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৭      ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ      ● মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      
দেশজুড়ে
গাজীপুরে যুবদল নেতার বিরুদ্ধে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে মামলা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আবু তাহের প্রধানের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে পোশাকশ্রমিক নারীকে ধর্ষণ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। 

গত রোববার (১৫ নভেম্বর) গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি করেন ভুক্তভোগী নারী। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলায় আবু তাহের প্রধানকে প্রধান আসামি এবং তার বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুল কাদেরকে দ্বিতীয় আসামি করা হয়েছে। ভুক্তভোগী ওই নারী স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। তিনি শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকায় আবু তাহের প্রধানের মালিকানাধীন বাড়িতে ভাড়া থাকতেন।

আবু তাহের প্রধান গাজীপুরের শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার সুলতান উদ্দিন প্রধানের ছেলে। গত সোমবার নবগঠিত গাজীপুর জেলা যুবদলের কমিটিতে তাকে সাধারণ সম্পাদক মনোনীত করে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চাকরির সুবাদে প্রায় পাঁচ বছর আগে বহেরারচালা এলাকায় আবু তাহের প্রধানের বাড়িতে ভাড়া ওঠেন ওই নারী। বাড়ির মালিক হিসেবে আবু তাহেরের সঙ্গে তার পরিচয় হয়। পরে তার মোবাইল নম্বর সংগ্রহ করে বিভিন্ন অজুহাতে যোগাযোগ শুরু করেন আবু তাহের। প্রেমের প্রস্তাব ও বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ৮ আগস্ট দুপুর ১২টার দিকে আবু তাহের প্রধান ওই নারীর ভাড়া বাসায় যান। এ সময় তার সঙ্গে বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুল কাদেরও ছিলেন। পরে আবু তাহের ঘরে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে ওই নারীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় নিরাপত্তাকর্মী আব্দুল কাদের ঘরের বাইরে পাহারায় ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়। ঘটনার কয়েক দিন পর বিয়ের আশ্বাস দিয়ে বিষয়টি গোপন রাখতে বলেন আবু তাহের। কাউকে জানালে ভয়ভীতি দেখানো ও প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করেন ওই নারী।

এজাহারে আরও বলা হয়, গত ২৯ অক্টোবর বিয়ের কথা বলে ওই নারীকে আবু তাহেরের বাসায় যেতে বলেন তিনি। তার কথায় বিশ্বাস করে ওই দিন বিকেল ৪টার দিকে সেখানে যান ভুক্তভোগী। এ সময় তার কাছে থাকা নগদ টাকা আবু তাহেরের কাছে জমা রাখেন। পরদিন ৩০ অক্টোবর রাত ৮টার দিকে আবু তাহের ওই নারীর বাসায় গিয়ে আবারও তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

বিয়ের দাবিতে ওই নারী চিৎকার করলে আশপাশের লোকজন সেখানে উপস্থিত হন। পরিস্থিতি সামাল দিতে আবু তাহের তাকে বিয়ের আশ্বাস দেন বলে এজাহারে উল্লেখ রয়েছে। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে বিয়ের কথা বলে আবু তাহের তার ব্যক্তিগত গাড়িতে করে ওই নারীকে গাজীপুরের দিকে নিয়ে যান। পথে বাঘের বাজার এলাকায় কাজি অফিসে যাওয়ার কথা বলে তাকে গাড়ি থেকে নামিয়ে দেন। এরপর গাড়ি পার্কিংয়ের কথা বলে আবু তাহের ও তার সহযোগী দ্রুত সেখান থেকে চলে যান বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

বিয়ের বিষয়ে আবু তাহেরের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। গত ৬ নভেম্বর শ্রীপুর মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। গত ১৫ নভেম্বর তিনি আদালতে মামলাটি করেন।

ভুক্তভোগী নারীর স্বামী আলমগীর হোসেনও এ বিষয়ে পুলিশ সুপারসহ দলের নেতাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তার অভিযোগ, প্রায় পাঁচ বছর ধরে স্ত্রীকে নিয়ে তারা আবু তাহেরের বাড়িতে ভাড়া থাকতেন। কর্মসূত্রে তিনি বাড়িতে কম সময় অবস্থান করতেন। এ সুযোগে বাড়ির মালিক তার স্ত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ শুরু করেন। পরে বিয়ের প্রলোভন ও বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে তার স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। আলমগীর হোসেন আরও অভিযোগ করেন, আবু তাহের রাজনৈতিক প্রভাব দেখিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। তাদের ১২ বছরের দাম্পত্য জীবনে নয় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

অভিযোগের বিষয়ে আবু তাহের প্রধান বলেন, ‘মামলার বিষয়ে আমি কিছু জানি না। আপনাদের (সাংবাদিক) মাধ্যমে এইমাত্র জানতে পারলাম।’

গাজীপুর জজ কোর্টের আইনজীবী ও মামলার আইনজীবী মো. সালাউদ্দিন বলেন, ‘পোশাকশ্রমিক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে গত ১৫ নভেম্বর আদালতে মামলা করেছেন ভুক্তভোগী। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই গাজীপুরকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

পিবিআই গাজীপুরের পুলিশ সুপার (এসপি) রকিবুল আক্তার বলেন, ‘পোশাকশ্রমিক নারীকে ধর্ষণের ঘটনায় আদালত থেকে মামলার কোনো আদেশ এখনো পাইনি। যদি পিবিআইকে দিয়ে থাকে, তাহলে হয়তো পেয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘আদেশ পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/ এসএমএন  



আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   যুবদল   পোশাকশ্রমিক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close