মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা      ● ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৭      ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ      
দেশজুড়ে
চট্টগ্রাম-নাজিরহাট রুটে নতুন চার ট্রেন চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:০০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চট্টগ্রাম-নাজিরহাট-চট্টগ্রাম রুটে নতুন চারটি কমিউটার ট্রেন চালু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) নতুন এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের অব্যবস্থাপনা ও অনিয়মের জঞ্জাল সরিয়ে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে রেলওয়ে খাতকে ঢেলে সাজানো হচ্ছে। বর্তমান সরকারের মূল লক্ষ্য কেবল উচ্চবিত্তদের সুবিধা দেওয়া নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠী ও সাধারণ মানুষ যেন স্বল্প খরচে এবং স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন, তা নিশ্চিত করা।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, গত ১৭ বছরে রেলওয়ে খাতের প্রতি চরম অবিচার করা হয়েছে। রাষ্ট্রীয় ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ না করায় পুরো ব্যবস্থাটি ভঙ্গুর হয়ে পড়েছিল। এই অবস্থা থেকে রেলওয়েকে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সময়ের প্রয়োজন। তবে নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বর্তমান সরকারের স্বল্প সময়ের প্রচেষ্টায় বাংলাদেশ রেলওয়েতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।

নতুন কমিউটার ট্রেন চালুর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে যাতায়াত করা বর্তমানে বেশ চ্যালেঞ্জিং। নতুন এ ট্রেন সার্ভিস চালুর মধ্য দিয়ে উত্তর চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এ রেল যোগাযোগ শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

যাত্রীদের কর্মব্যস্ততা ও সময়ের চাহিদা বিবেচনা করেই ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’ ট্রেনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর ফলে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন। প্রাথমিকভাবে সময়সূচি ব্যবস্থাপনায় কিছুটা সমন্বয়ের প্রয়োজন হলেও দ্রুতই সবকিছু শৃঙ্খলার মধ্যে চলে আসবে।

বাংলাদেশ রেলওয়ের আধুনিকায়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে বেশ কিছু কোচ নতুন করে সংস্কার করা হয়েছে। পাশাপাশি আরও নতুন কোচ ও ইঞ্জিন আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে। এগুলো রেলওয়ের বহরে যুক্ত হলে যাত্রীসেবার মান বাড়বে।

উদ্বোধন হওয়া ‘নাজিরহাট কমিউটার-১, ২, ৩ ও ৪’ নামের প্রতিটি ট্রেনে সাতটি করে কোচ রয়েছে। এর মধ্যে পাঁচটি শোভন শ্রেণির কোচ, একটি পাওয়ার কার এবং একটি সিটিং কাম লাগেজ (এসএলআর) কোচ। শোভন শ্রেণির প্রতিটি কোচে ৬০টি করে মোট ৩০০টি আসন রয়েছে। এ ছাড়া এসএলআর কোচে রয়েছে ৩৪টি আসন। সব মিলিয়ে প্রতিটি ট্রেনে মোট আসনসংখ্যা ৩৩৪টি।

রেলওয়ে কর্তৃপক্ষের প্রত্যাশা, নতুন এ সার্ভিস চালুর ফলে চট্টগ্রাম-নাজিরহাট রুটে চলাচলকারী শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভিরুল ইসলাম, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মোহাম্মদ শফিকুর রহমান, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পূর্ব) সুজিত কুমার বিশ্বাস, প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব) (অতিরিক্ত দায়িত্ব) মো. শওকত জামিল মোহসী এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি-পূর্ব) চিফ কমান্ড্যান্ট মো. জহিরুল ইসলাম।

এ জনবান্ধব উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রী এবং রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম-নাজিরহাট রুট   ট্রেন চালু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close