মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা      ● ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৭      ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ      
দেশজুড়ে
মাগুরায় গ্রামীণ সড়ক উন্নয়নে ২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে ২০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প প্রস্তাব করা হয়েছে। জেলার মাগুরা-১ ও মাগুরা-২ সংসদীয় আসনে ১০ কোটি টাকা করে মোট ২০ কোটি টাকার এ প্রকল্পের আওতায় ১৪ দশমিক ৯৫ কিলোমিটার সড়ক উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সেতু, কালভার্ট ও হাটবাজার উন্নয়নেও রয়েছে পৃথক প্রস্তাব।

অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)’-এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব উন্নয়ন স্কিম প্রস্তাব করেছে। সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এসআইডিপি) আওতায় জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশান ও ঈদগাহ উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খানের প্রস্তাবের ভিত্তিতে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়ক উন্নয়নের জন্য স্কিম চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঘোড়ানাস দক্ষিণপাড়া, শচানী-রাউতাড়া, বুজরুক শ্রীকুণ্ডি, রাজিবেরপাড়া, বিল আখসি, গাঙ্গুলিয়া, বরিশাট, জোকা, নবগ্রাম ও পঞ্চপল্লী এলাকার বিভিন্ন সড়ক। গ্রামীণ সংযোগ সড়ক, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথগুলোকে অগ্রাধিকার দিয়ে এ আসনে ১০ কোটি টাকার উন্নয়ন স্কিম প্রস্তাব করা হয়েছে।

মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর প্রস্তাবের ভিত্তিতে মহম্মদপুর, শালিখা ও মাগুরা সদর উপজেলার দক্ষিণাঞ্চলের বিভিন্ন সড়ক ও অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে।

এ আসনের প্রস্তাবিত তালিকায় রয়েছে আমুড়িয়া বাজার-শ্যামপুর, বড়ইখালী-শত্রুজিৎপুর উত্তরপাড়া, গঙ্গারামপুর-দেলহাট, গঙ্গারামপুর গ্রামীণ সড়ক, শতখালী-সোশেনমালা সেতু থেকে বয়খালী হয়ে কাটলী, বড়রিয়া-গোপালপুর এবং নহাটা-মিঠাপুর সড়কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। এ ছাড়া বিভিন্ন স্থানে বক্স কালভার্ট নির্মাণ এবং শত্রুজিৎপুর ও নাগড়া বাজার উন্নয়নের প্রস্তাবও রয়েছে। এসব কাজের জন্য এ আসনেও ১০ কোটি টাকার উন্নয়ন স্কিম প্রস্তাব করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত সড়কগুলো উন্নত হলে প্রত্যন্ত গ্রামের সঙ্গে উপজেলা ও জেলা সদরের যোগাযোগ সহজ হবে। কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সময় ও পরিবহন ব্যয় কমবে। পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত, স্থানীয় ব্যবসা-বাণিজ্য এবং গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে অসম্পূর্ণ সড়ক সংযোগ সম্পন্ন হলে বিচ্ছিন্ন জনপদগুলো মূল সড়কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে।

সড়ক উন্নয়নের পাশাপাশি সামাজিক অবকাঠামো উন্নয়নেও পৃথক পরিকল্পনা নেওয়া হয়েছে। সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (এসআইডিপি) আওতায় জেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদ, মন্দির, কবরস্থান, শ্মশান, ঈদগাহসহ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

এলজিইডি সূত্র জানায়, গত ৮ নভেম্বর প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীদের কাছে পাঠানো নির্দেশনায় চলতি অর্থবছরে প্রতিটি ইউনিয়নে ১৫ লাখ টাকা করে উন্নয়ন স্কিম নির্বাচনের কথা বলা হয়েছে। সাধারণ স্কিমের ক্ষেত্রে প্রতিটির ব্যয় ৩ থেকে ৫ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। এ জন্য সংসদ সদস্যদের আগে পাঠানো ডিও লেটারের তালিকা থেকে অগ্রাধিকার বিবেচনায় প্রকল্প নির্বাচন করতে বলা হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নের সুযোগ তৈরি হবে। এতে এসব প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বাড়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে সামাজিক কার্যক্রম পরিচালনাও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পগুলোর কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতিতে কাজ করছে এলজিইডি মাগুরা। সংসদ সদস্যদের ডিও লেটার ও সংশ্লিষ্ট প্রকল্পের নির্দেশনা অনুসরণ করে জেলার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সংসদীয় আসনভিত্তিক সড়ক ও অবকাঠামো উন্নয়ন স্কিমের তালিকা তৈরি করে প্রকল্প পরিচালকের কাছে পাঠিয়েছে।

এলজিইডি মাগুরার নির্বাহী প্রকৌশলী আ ন ম ওয়াহিদুজ্জামান বলেন, ‘সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের উন্নয়ন প্রস্তাবের ভিত্তিতে প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা সীমার মধ্যে স্কিম চিহ্নিত করে তালিকা প্রস্তুত করা হয়েছে। দুই নির্বাচনী এলাকায় প্রস্তাবিত সড়ক উন্নয়নের মোট দৈর্ঘ্য ১৪ দশমিক ৯৫ কিলোমিটার। নির্ধারিত নীতিমালা ও কারিগরি নির্দেশনা মেনে প্রাক্কলন তৈরি এবং পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এলজিইডি মাগুরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও প্রতিটি উন্নয়নকাজ স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে নির্ধারিত বাজেট অনুযায়ী সম্পন্ন করা হবে।’   

সব মিলিয়ে মাগুরার গ্রামীণ সড়ক যোগাযোগ ও সামাজিক অবকাঠামো উন্নয়নে নেওয়া এসব উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার প্রত্যন্ত এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমতে পারে। তবে প্রস্তাবিত প্রকল্পগুলোর অনুমোদন, অর্থ ছাড় ও বাস্তবায়নের ওপরই নির্ভর করছে এ উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি। যথাযথ অনুমোদন ও পরিকল্পিত বাস্তবায়ন নিশ্চিত করা গেলে জেলার গ্রামীণ যোগাযোগব্যবস্থা ও সামগ্রিক অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এসব উদ্যোগ।

কেকে/ এসএমএন    


আরও সংবাদ   বিষয়:  মাগুরা   সড়ক উন্নয়ন   প্রকল্প প্রস্তাব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close