ওজনে কম জ্বালানি তেল সরবরাহ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় নীলফামারীর ডোমার উপজেলায় পাঁচটি অবৈধ মিনি পেট্রোল পাম্পকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও বিএসটিআই অধিদপ্তর রংপুরের যৌথ উদ্যোগে উপজেলার জোড়াবাড়ী, কেতকীবাড়ী, গোমনাতি ও বোড়াগাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শায়লা সাঈদ তন্বী। এ সময় বিএসটিআই রংপুরের পরিদর্শক আহসান হাবীব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে জোড়াবাড়ী ইউনিয়নের কলেজসংলগ্ন এলাকার বিসমিল্লাহ মিনি পেট্রোল পাম্পকে ৩০ হাজার টাকা, কেতকীবাড়ী ইউনিয়নের কাজীরহাট বাজারের সানভি মিনি পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা এবং গোমনাতি ইউনিয়নের আমবাড়ী বাজারের আতিক মিনি পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বোড়াগাড়ী বাজারের স্বপন মিনি পেট্রোল পাম্প ও সাবিত্রি মিনি পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব পাম্পে ১০ লিটার তেল দেওয়ার কথা থাকলেও এক থেকে দেড় লিটার পর্যন্ত কম দেওয়া হচ্ছিল। এভাবে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে অতিরিক্ত মুনাফা করছিলেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘ডোমারে যত্রতত্রভাবে অবৈধ মিনি পেট্রোল পাম্প তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী তেল কম দিয়ে বেশি মুনাফা অর্জন করছেন। তারা গ্রাহকের কথা মাথায় না রেখে নিজেরা লাভবান হচ্ছেন। তাছাড়া এসব পাম্প খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবৈধ এসব মিনি পেট্রোল পাম্প বন্ধ করতে হবে। পাম্পগুলো বন্ধ না হলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
কেকে/ এসএমএন