মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হত্যা মামলায় সাইদ খোকনের সাত দিনের রিমান্ড      ● এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা      ● ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৭      ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      
দেশজুড়ে
কিশোরগঞ্জে বিএনপির ‘পকেট কমিটি’ বাতিলের দাবি পদবঞ্চিতদের
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবি জানিয়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। দীর্ঘদিনের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসর ও অনুপ্রবেশকারীদের নিয়ে গোপনে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ তুলেছেন তারা। অবিলম্বে এ কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) রাতে জেলা শহরের হারুয়া চৌরাস্তা মোড়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা। 

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বলেন,‘গত ৮ নভেম্বর গোপনে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদন দেওয়া হয়। পাঁচ থেকে সাত দিন পর ফেসবুকের মাধ্যমে তারা কমিটি গঠনের বিষয়টি জানতে পারেন। কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে গত ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করা ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। কমিটিতে নাম থাকা অনেকেই এ বিষয়ে কিছু জানেন না ‘ 

তৌহিদ হোসেন বলেন, ‘আমরা শত শত নেতাকর্মী নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। অথচ আমাকে এবং আমার সঙ্গে ১০-১২ বছর ধরে রাজনীতি করা ৩০০ কর্মীর কাউকেই সাধারণ সদস্য পদেও রাখা হয়নি। হারুয়ায় এর আগে সব কমিটি উন্মুক্ত আলোচনার মাধ্যমে গঠন করা হলেও এবার গোপনে বিতর্কিত কমিটি দেওয়া হয়েছে। এতে এলাকায় দ্বন্দ্ব ও হানাহানির আশঙ্কা তৈরি হয়েছে। অবিলম্বে কমিটি বাতিল না করলে এর পরিণতি ভালো হবে না।’

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল করিম মোল্লা বলেন, ‘এই ওয়ার্ডে কি বিএনপির লোকজন নেই যে আওয়ামী লীগের লোকজন এনে কমিটি দিতে হবে? এখানে অনেক ত্যাগী নেতাকর্মী রয়েছেন, যাদের বাদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের দোসরদের নিয়ে কমিটি গঠন করার কারণেই কলেজ ও মাদ্রাসা কেন্দ্রে রিকশা মার্কা এত ভোট পেয়েছে। আমাদের দাবি, অবিলম্বে এই কমিটি বাতিল করে সিনিয়র-জুনিয়র সবার মতামতের ভিত্তিতে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হোক।’

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম বিল্লাল বলেন, ‘আমি তিনবার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। অথচ নতুন কমিটি গঠনের বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। 

সবার মতামতের ভিত্তিতে ওয়ার্ডে বসে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় পৌর ও জেলা বিএনপির নেতাদের নিতে হবে।’

বিএনপি নেতা আলমগীর বলেন, ‘দলের আন্দোলন-সংগ্রামে যারা পেছনে থেকে ব্যানার ধরে ভূমিকা রেখেছেন, তাদের বাদ দিয়ে শুধু সামনে থেকে ছবি তোলা ব্যক্তিদের কমিটিতে রাখা হয়েছে। জ্যেষ্ঠ, সাবেক ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে নতুন ও অযোগ্য ব্যক্তিদের পদ দেওয়া হয়েছে। এমনকি তাদের সাধারণ সদস্য হিসেবেও রাখা হয়নি।’

তিনি আরও বলেন, ‘পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সবকিছু জানার পরও কীভাবে আড়ালে এই কমিটি দিলেন? এর পেছনে অর্থ লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। অবিলম্বে কমিটি বিলুপ্ত করে ৫ নম্বর ওয়ার্ডে সরাসরি কাউন্সিলের মাধ্যমে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।’

পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ অস্বীকার করে পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক বলেন, ‘৫ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের ক্ষেত্রে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও বিবেচনায় নেওয়া হয়েছে। কৃষক দল, মৎস্যজীবী দল ও শ্রমিক দলের অনেক নেতাকর্মীকে কমিটিতে রাখা হয়েছে।’ 

আমিনুল ইসলাম আশফাক বলেন, ‘দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন এবং অতীতেও দলের পাশে ছিলেন, তাদের মধ্য থেকেই যাচাই-বাছাই করে কমিটি দেওয়া হয়েছে। ৫ নম্বর ওয়ার্ড একটি সংবেদনশীল এলাকা এবং বিএনপির একটি দুর্গ। এখানে চাইলেই সবাইকে কমিটিতে জায়গা দেওয়া সম্ভব নয়। কমিটিতে স্থান না পাওয়া ব্যক্তিদের অনেকেই অন্যান্য সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও তাদের অনেকের নাম এই কমিটিতে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘পৌর বিএনপির সাধারণ সম্পাদক পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে কমিটির তালিকা তৈরি করে তার কাছে পাঠিয়েছেন। পরে তিনি সেটি অনুমোদন করেছেন।’   

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   বিএনপি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close