মাগুরার মহম্মদপুর উপজেলার মাকে অচেতন করে কোল থেকে আট মাস বয়সী এক কন্যাশিশুকে অপহরণের অভিযোগ উঠেছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।
নিখোঁজ শিশুটির নাম রাশমিতা চক্রবর্তী। তার বাবা সমীর কুমার চক্রবর্তী (কুটে) মহম্মদপুর উপজেলা সদরের রাধানগর এলাকার বাসিন্দা। শিশুটির মায়ের নাম নন্দীতা চক্রবর্তী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শিশুর জন্য শীতের কাপড় কিনতে আট মাস বয়সী মেয়ে রাশমিতাকে নিয়ে অটোরিকশায় করে উপজেলার নহাটা ইউনিয়নের উদ্দেশে রওনা হন নন্দীতা। পথে বাবার বাড়ি পাশের ইউনিয়ন রাজাপুর হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। রাজাপুর এলাকায় যাওয়ার পথে কোনো এক সময় অচেতন হয়ে পড়েন নন্দীতা। পরে দুর্বৃত্তরা তাকে অটোরিকশা থেকে রাস্তায় ফেলে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন রাস্তার পাশে নন্দীতাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। জ্ঞান ফেরার পর কোলে সন্তানকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় বারবার জ্ঞান হারাচ্ছিলেন তিনি।
শিশুটির মা নন্দীতা চক্রবর্তী বলেন, ‘রাজাপুরের দিকে যাওয়ার পথে নাকে কিছু একটা ধরে আমাকে অজ্ঞান করা হয়। পরে জ্ঞান ফিরে নিজেকে রাস্তার পাশে দেখতে পাই। তখন আমার কোলে সন্তান ছিল না।’
শারীরিক ও মানসিক ধাক্কায় তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন এবং ঘটনার বিস্তারিত বিবরণ দিতে পারছেন না।
শিশুটির বাবা সমীর কুমার চক্রবর্তী (কুটে) বলেন, ‘আমার স্ত্রী ও মেয়ে বাড়ি থেকে বের হলেও শেষ পর্যন্ত স্ত্রী একা বাড়িতে ফিরে আসে। তার কাছ থেকে ঘটনা জানার পরপরই পুলিশকে বিষয়টি জানিয়েছি। আমার স্ত্রী শোকে বারবার জ্ঞান হারাচ্ছে। আমি আমার সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চাই।’
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, ‘পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছে। আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ছাড়া শিশুটির মা-বাবার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় তাদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
কেকে/ এসএমএন