ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে তিনটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পরিচালিত এ অভিযানে নিম্নমানের, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড দেওয়া হয়।
জরিমানার মুখে পড়া প্রতিষ্ঠানগুলো হলো রায় ফার্মেসি, নিউ রত্না ফার্মেসি ও ঠাকুর ড্রাগ হাউস।
অভিযান সূত্রে জানা যায়, ফার্মেসিগুলোতে তল্লাশি চালিয়ে নিম্নমানের ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ ছাড়া ওষুধ কেনার বৈধ পাকা ইনভয়েসও দেখাতে পারেনি প্রতিষ্ঠানগুলো। এসব অনিয়মের দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের ফরিদপুর জেলার সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধের মান নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কার্যক্রম নিয়মিত চলবে।
কেকে/ এসএমএন