নীলফামারীর ডোমারে গোয়ালঘরের ইটের দেয়াল ভেঙে চারটি বিদেশি জাতের গরু চুরি করেছে দুর্বৃত্তরা। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনায় ডোমার থানায় লিখিত অভিযোগ করেছেন গরুর মালিক।
গরুর মালিক জাকারিয়া হোসেন ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে। তিনি জানান, সোমবার রাতে কোনো এক সময় চোরের দল গোয়ালঘরের ইটের দেয়াল ভেঙে চারটি গরু চুরি করে নিয়ে যায়। শেষ সম্বল বিক্রি করে তিনি গরুগুলো কিনেছিলেন। চারটি বিদেশি জাতের গরুর দাম ৪ লাখ ২০ হাজার টাকা।
তিনি বলেন, ‘২০-২৫ দিন আগেও চোরেরা গোয়ালঘরের তালা কেটেছিল। আমরা টের পাওয়ায় দরজা খুলে তারা পালিয়ে যায়।’
জাকারিয়ার স্ত্রী সাথী বেগম বলেন, ‘এলাকায় আমাদের গরুগুলোর মতো বড় গরু আর কারও নেই। প্রতিদিন ৭ লিটারের বেশি দুধ দেয়। গরুর দুধ বিক্রি করে সংসারের খরচসহ অন্যান্য প্রয়োজন মেটানো যেত। এখন সংসারের খরচ ও বাচ্চাদের পড়াশোনার খরচ কীভাবে জোগান দেব?’
থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তকাজ শুরু করা হয়েছে।’
কেকে/ এসএমএন