রাজধানী ঢাকায় মঙ্গলবার রাতে পৃথক একাধিক স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। ঢাকা উত্তরের মোহাম্মদপুরের আসাদ গেট ও কৃষি মার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে মহাখালীর সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এছাড়া গাবতলীতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে ৯টা ৪০ মিনিটের মধ্যে এসব ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর থানাধীন কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ উদ্ধার করে।
এরপর রাত ৯টা ৪০ মিনিটের দিকে মোহাম্মদপুরের আসাদ গেট এলাকায় একই ধরনের ঘটনা ঘটে। পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেলে করে আসা দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি আসাদ গেটের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি ককটেলই বিস্ফোরিত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণের পরপরই তারা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ উদ্ধার করে।
অন্যদিকে, রাত ৯টা ১৫ মিনিটের দিকে ঢাকা উত্তর সিটির মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটির নম্বর ঢাকা মেট্রো-১৩-১২১৬। আগুন লাগার পর বাসটি থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। বাসটির সামনের ও ভেতরের অংশে আগুন জ্বলতে দেখা যায়। পরে আগুন নেভানো হয়।
পৃথক এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি বাসে আগুন দেওয়ার ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাগুলোতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
কেকে/এমএ