কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় মোহাম্মদ তাকরীম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মিরদী গ্রামের মালিবাড়ি মোড়ে মিরদী-মঠখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাকরীম নরসিংদীর মনোহরদী উপজেলার গাবতলী গ্রামের খোকনের ছেলে। মায়ের সঙ্গে বেড়াতে এসে সে মিরদী গ্রামে নানার বাড়িতে অবস্থান করছিল। সেখানে বেড়াতে এসে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নানার বাড়ির সামনের সড়ক পার হচ্ছিল তাকরীম। এ সময় মিরদী-মঠখোলা সড়ক দিয়ে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে খবর পেয়ে পাকুন্দিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও চালককে নিজেদের হেফাজতে নেয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে আটক করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/ এসএমএন