‘ঢাকা কেবল বাংলাদেশের রাজধানীই নয়; এটি আমাদের অর্থনৈতিক আকাঙ্ক্ষা, রাজনৈতিক পরিচয় এবং জাতীয় সম্ভাবনার কেন্দ্রবিন্দু। তবে আমাদের নিজেদের কাছে একটি মৌলিক প্রশ্ন রাখতে হবে: আমরা কি মানুষের জন্য একটি নগরী গড়ে তুলছি, নাকি মানুষকে এমন একটি নগরীর সাথে মানিয়ে নিতে বাধ্য করছি যা ক্রমশ কঠিন হয়ে উঠছে? নগরী বড় হলেই তা ভালো নগরী হয়ে ওঠে না। আমাদের লক্ষ্য হওয়া উচিত ঢাকাকে কেবল বড় নয়, বরং আরও উন্নত, বাসযোগ্য ও মানবিক করে তোলা।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মাল্টিপারপাস হলে আয়োজিত “ঢাকা ২০৩০: একটি বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু-সহনশীল নগরী গড়ে তোলা” শীর্ষক গোলটেবিল নীতি সংলাপে ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এসব কথা বলেন।
আইইউবির ‘গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স’ (জিএসজি) বিভাগ এই সংলাপের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে মীর হেলাল আরও বলেন, ‘একটি সফল নগরীর পরিমাপ কেবল ফ্লাইওভার, আকাশচুম্বী অট্টালিকা বা জিডিপিতে অবদানের ভিত্তিতে হয় না। বরং এটি পরিমাপ করা হয় এভাবে—একটি শিশু কতটা নিরাপদে স্কুলে যেতে পারে, একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কতটা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন এবং একটি কর্মজীবী পরিবার কতটা নিশ্চিন্তে বসবাস করতে পারে। আমাদের অপরিকল্পিত সম্প্রসারণের পথ থেকে সরে এসে সমন্বিত ও জনকেন্দ্রিক নগর ব্যবস্থাপনার দিকে এগিয়ে যেতে হবে।’
‘ঢাকা ২০৩০’-এর কৌশলগত অগ্রাধিকার তুলে ধরে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘আবাসনকে মানুষের মর্যাদার ভিত্তি হিসেবে স্বীকৃতি দিতে হবে। স্বল্প আয়ের পরিবার, কর্মজীবী নারী এবং অনানুষ্ঠানিক খাতে কর্মরত মানুষদের কর্মসংস্থান থেকে দূরে ঠেলে দেওয়া যাবে না। সাশ্রয়ী ভাড়ার আবাসন এবং নিরাপদ ভূমি ব্যবস্থাপনার পাশাপাশি নগর পুনরুন্নয়ন প্রক্রিয়ায় অসহায় বাসিন্দাদের যাতে অকারণে উচ্ছেদ হতে না হয়, সেদিকে সরকার গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে।’
যানজট নিরসনে নির্ভরযোগ্য গণপরিবহন, সমন্বিত মেট্রো ও বাস পরিষেবা এবং নিরাপদ ফুটপাতের ওপর জোর দিয়ে মীর হেলাল বলেন, ‘আমাদের পরিবহন নীতির মূল লক্ষ্য হওয়া উচিত বিপুল সংখ্যক মানুষকে কার্যকরভাবে গন্তব্যে পৌঁছে দেওয়া—কেবল ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়ানো নয়।’
জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জ প্রসঙ্গে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘জলবায়ু-সহনশীল শহর গড়ে তোলার শুরুটা হতে হবে প্রকৃতিকে রক্ষার মাধ্যমে, প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে নয়।’
শহর রক্ষায় খাল খনন কর্মসূচি, দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষ রোপণ, বর্জ্য পৃথকীকরণ ও পুনর্ব্যবহার এবং জলবায়ু ঝুঁকি মূল্যায়নকে নগর পরিকল্পনার ভিত্তি হিসেবে যুক্ত করার কথা জানান তিনি।
সুশাসন প্রসঙ্গে ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘ভূমি রেকর্ড আধুনিকায়ন, ডিজিটাল সেবা শক্তিশালীকরণ এবং ন্যায্য ও কঠোর প্রয়োগের মাধ্যমে সরকারি জমি, খাল ও জলাশয়ে অবৈধ দখলদারিত্ব রোধে সরকার কাজ করছে।’
ঢাকার ওপর অতিরিক্ত চাপ কমাতে বিকেন্দ্রীকরণ ও সুষম জাতীয় উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে মীর হেলাল বলেন, ‘চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের মতো আঞ্চলিক শহরগুলোকে অর্থনৈতিক সুযোগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের সাথে সরকারি নীতির সংযোগের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘তরুণ গবেষকদের উদ্ভাবনী ধারণা ও গবেষণার মাধ্যমে নগর চ্যালেঞ্জগুলোর বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করতে হবে।’
মীর হেলাল বলেন, ‘২০৩০ সালের মধ্যে আমাদের লক্ষ্য কেবল ঢাকাকে একটি আধুনিক শহরে রূপান্তর করাই হওয়া উচিত নয়; বরং ঢাকাকে একটি মানবিক শহরে গড়ে তোলাই হওয়া উচিত আমাদের লক্ষ্য—যেখানে উন্নয়ন হবে অন্তর্ভুক্তিমূলক, শাসনব্যবস্থা হবে জবাবদিহিমূলক এবং প্রতিটি নাগরিক মর্যাদার সঙ্গে বেঁচে থাকার সুযোগ পাবেন।’
আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই সংলাপে আরও বক্তব্য রাখেন জিএসজি বিভাগের প্রধান ড. মো. শাহনেওয়াজ হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক মো. অহিদুজ্জামান।
কেকে/এমএ