ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামিদদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষ ও অগ্নিসংযোগের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা হামিদদী বাসস্ট্যান্ড এলাকায় সড়কে জড়ো হন। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন এবং ককটেলের বিস্ফোরণ ঘটান। একপর্যায়ে তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় রাজু মোল্লা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম বলেন, রাজু মোল্লা নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তিনি মারা গেছেন।
ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও বিএনপির নেতারা ঘটনাস্থলে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কৃষক দল নেতা নিহতের খবর ছড়িয়ে পড়লে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী মহাসড়কে অবস্থান নেন। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে রাজু মোল্লার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। সেখানে নিহতের মা-বাবার আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
কেকে/ এমএস