ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার পর ইরানের কেশম দ্বীপে পাল্টা হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এতে পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দিনের শুরুতে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলার কথা জানায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া ড্রোনগুলো আকাশেই ভূপাতিত করা হয়েছে।
বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার ক্ষেত্রে এই ঘাঁটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
তবে হামলার বিষয়ে আইআরজিসি নিজেদের বিবৃতিতে ভিন্ন তথ্য দিয়েছে। সংস্থাটি হামলার দায় স্বীকার করে দাবি করেছে, বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার ব্যবস্থা লক্ষ্য করে সফল অভিযান চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর কর্মকাণ্ডের জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে তারা।
বাহরাইনে ড্রোন হামলার ঘটনার পর ইরানের ভেতরে পাল্টা অভিযান চালানোর কথা জানায় ওয়াশিংটন। মার্কিন বাহিনীর দাবি, আত্মরক্ষার অংশ হিসেবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশম দ্বীপেও বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
ইরানের হরমোজগান প্রদেশের গভর্নরের দপ্তরের এক কর্মকর্তা কেশম দ্বীপে মার্কিন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দ্বীপটির কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে ইরান। ওই কর্মকর্তার দাবি, দ্বীপটির কোনো আবাসিক এলাকা, বাণিজ্যিক প্রতিষ্ঠান বা সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।
এদিকে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে মিশর। আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দেশটি।
ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতির পরবর্তী গতিপ্রকৃতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
কেকে/ এমএস