রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে অ্যান-১২ মডেলের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হয়েছেন। বিমানটিতে থাকা সবাই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কেমেরোভো অঞ্চলের জনমানবহীন এলাকায় নিয়মিত ফ্লাইট পরিচালনার সময় বিমানটি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ।
স্থানীয় গভর্নর ইলিয়া সেরেড্যুক জানান, ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে।
দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গভর্নর জানান, উদ্ধারকাজের জন্য একটি হেলিকপ্টার ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। তদন্তকারীদের নির্বিঘ্নে কাজ করার সুযোগ করে দেওয়াই এখন প্রধান লক্ষ্য।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে বিমান বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে। ফুটেজে দূর আকাশে একটি জ্বলন্ত বস্তুকে নিচে পড়ে যেতে দেখা যায়। এরপর বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে দুর্ঘটনাটি দূরে ঘটায় দৃশ্যটি স্পষ্ট নয়।
বিবিসি ও রয়টার্স ফুটেজটির সময় ও তারিখ যাচাই করেছে। দুর্ঘটনাস্থলের স্যাটেলাইট চিত্রের সঙ্গে দৃশ্যের মিল দেখে এর অবস্থানও নিশ্চিত করেছে রয়টার্স।
বিধ্বস্ত বিমানটিতে কোনো মালামাল ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অ্যান-১২ মডেলের বিমান রাশিয়ার সামরিক বাহিনীতে অস্ত্র ও সেনা পরিবহনের পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ব্যবহৃত হয়ে থাকে।
কেকে/ এমএস