দেশজুড়ে একের পর এক নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের মধ্যেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশের গাড়ি ও পুলিশ মেসেও অগ্নিসংযোগের পাশাপাশি থানা থেকে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এর কিছুক্ষণ পরই আগুন দেওয়া হয়েছে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে।
একই রাতে রাজধানীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহন এবং রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে ‘মিরপুর সুপার লিংক’ নামের দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে দেশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এ তাণ্ডব শুরু হয়। স্থানীয় সূত্র অনুযায়ী, সন্ধ্যায় উপজেলা পরিষদের পাশ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১০ ও ১৫ নভেম্বর গোপালগঞ্জে সংঘটিত নাশকতার ঘটনায় করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। মাইকিং করে লোকজন জড়ো করা হয় এবং একপর্যায়ে শত শত নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের বাধা অতিক্রম করে থানার ভেতরে ঢুকে পড়ে। পুলিশের সদস্যরা আত্মরক্ষার্থে থানা থেকে সরে যেতে বাধ্য হয়। এরপর থানা ভবনের বিভিন্ন স্থাপনা, পুলিশের একাধিক গাড়ি এবং থানা চত্বরের পাশের পুলিশ মেসে আগুন দেওয়া হয়। এ সময় থানায় আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান হামলাকারীরা। সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে হতাহতের পূর্ণাঙ্গ সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
থানায় হামলার রেশ কাটতে না কাটতেই রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার এলাকায় সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের নীলফা বাজারসহ বিভিন্ন এলাকায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের খবর পাওয়া যায়। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যায় থানায় হামলার খবর পেয়েছি। হামলাকারীরা থানায় আগুন দিয়েছে। তারা পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে। কয়েকজন আসামিকে থানা থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে বলেও শুনেছি।
ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা তালহা বিন জসীমও থানায় আগুনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, থানায় আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে সড়কে নেতাকর্মীদের উপস্থিতি, থানায় পুলিশ না থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ আবু সুফিয়ান মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মুঠোফোনে জানান, টুঙ্গিপাড়া থানা দুর্বৃত্তরা ঘেরাও করে ফেলেছে— এই পর্যন্ত তারা খবর পেয়েছেন। পরবর্তীতে কী হয়েছে সে বিষয়ে তারা খোঁজখবর নিচ্ছেন। এর পর রাত ৯টা ১০ মিনিটের দিকে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামারুম মুনিরার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেছে প্রথম আলো। তিনি বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দেওয়া হয়েছে। সেখানে যানবাহনে আগুন দেওয়ার খবরও তারা পেয়েছেন।
টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ বলেন, টুঙ্গিপাড়া থানা, চৌরঙ্গীর মোড় ও বাশবাড়িয়া এলাকায় কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার খবর তারা পেয়েছেন। তবে নিরাপত্তার অভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যেতে পারছেন না। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নিরাপত্তা দেওয়া হলে তারা ঘটনাস্থলে যেতে পারবেন।
ঢাকায় দুই বাসে আগুন, থানায় ককটেল বিস্ফোরণ
টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পাশাপাশি রাজধানীতেও একই দিনে একাধিক উদ্বেগজনক ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এর আগে গত ১৩ নভেম্বরও মিরপুর মডেল থানার আওতাধীন কল্যাণপুর আউটগোয়িং খাজা মার্কেটের সামনে পাঁচ থেকে ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
অন্যদিকে মঙ্গলবার রাত ৯টা ২৫ মিনিটের দিকে রাজধানীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে ‘মিরপুর সুপার লিংক’ নামের দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, ‘দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি দুপুর থেকে সেখানে দাঁড়ানো ছিল। একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।’
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’
আগের কয়েক দিনের সহিংসতার ধারাবাহিকতা
টুঙ্গিপাড়া থানায় হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ পর্যালোচনা করলে দেখা যায়, গোপালগঞ্জে ধারাবাহিকভাবে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও গোপালগঞ্জ সদরসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। বিভিন্ন স্থানে সড়কে টায়ার ও কাঠ জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করতে হয়েছিল।
এরপর ১৫ নভেম্বর গোপালগঞ্জ শহরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে পুলিশের সাঁজোয়া যান, পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে। একই দিন টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, দলীয় কার্যালয়, যুবদলের কার্যালয় এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাড়ি, স্থানীয় যুবদল কার্যালয় এবং গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও হামলা ও আগুন দেওয়ার খবর প্রকাশিত হয়।
শুধু সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক প্রতিপক্ষ নয়, এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। ১৫ নভেম্বর টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছিলেন পুলিশের উপপরিদর্শক মোসলেম আলী। ওই মামলার পরদিনই দুর্বৃত্তদের হামলায় তিনি আহত হন। মোটরসাইকেলে যাওয়ার সময় তাকে আটকে মারধর ও কুপিয়ে জখম করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। অর্থাৎ নাশকতার ঘটনায় মামলা করায় তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকেও হামলার শিকার হতে হয়েছে।
১৬ নভেম্বরও গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তৎপরতা দেখা যায়। টুঙ্গিপাড়ায় দলীয় কার্যালয়ের তালা ভেঙে সেখানে সভা করা এবং মিছিল বের করার খবর প্রকাশিত হয়। একই সময়ে কোটালীপাড়ায় বিএনপি নেতার একটি স্মৃতিতোরণে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব ঘটনার ধারাবাহিকতায় গতকাল টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ পরিস্থিতিকে আরও গুরুতর করে তুলেছে।
১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে উদ্বেগ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৯ নভেম্বর দেশব্যাপী ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচিকে সামনে রেখে দলটির নেতাকর্মীদের তৎপরতা এবং সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
রাজনৈতিক কর্মসূচির নামে সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সরকারি স্থাপনায় হামলার ঘটনা জনজীবনকে বিপর্যস্ত করতে পারে। বিশেষ করে টুঙ্গিপাড়া থানায় হামলা ও আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর সরাসরি প্রভাব ফেলেছে।
কেকে/সাশ