বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
খোলাকাগজ স্পেশাল
দুয়ার খুলল মার্কিন বিনিয়োগের
আলতাফ হোসেন
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:২৩ এএম আপডেট: ১৮.১১.২০২৬ ১০:২৫ এএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশের উন্নয়ন ও বিনিয়োগ অর্থায়নে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। এবার যুক্তরাষ্ট্রের সরকারি উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান থেকে অর্থায়ন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) বাংলাদেশকে তাদের অর্থায়নের জন্য যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। গত সোমবার (১৬ নভেম্বর) ওয়াশিংটন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বিভিন্ন বাণিজ্যিকভাবে কার্যকর উন্নয়ন প্রকল্পে মার্কিন অর্থায়ন পাওয়ার পথ উন্মুক্ত হলো। বিশেষ করে জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো, প্রযুক্তি, যোগাযোগ ও ডিজিটাল খাতে নতুন বিনিয়োগ আকর্ষণের সুযোগ তৈরি হয়েছে। ডিএফসির কাছ থেকে সরাসরি ঋণ, বেসরকারি প্রতিষ্ঠানে ইকুইটি বিনিয়োগ, ঋণের গ্যারান্টি এবং রাজনৈতিক ও অন্যান্য বিনিয়োগ ঝুঁকির বিপরীতে বিমা সুরক্ষা নেওয়ার সুযোগ থাকবে।

এত দিন বাংলাদেশে ডিএফসির কার্যক্রম পরিচালনার অনুমোদন ছিল না। নতুন সিদ্ধান্তের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা এখন বাংলাদেশে প্রকল্প বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সুবিধার জন্য আবেদন করতে পারবেন। এতে যেসব প্রকল্প পর্যাপ্ত অর্থায়ন বা বিনিয়োগ ঝুঁকির কারণে বাস্তবায়নে পিছিয়ে ছিল, সেগুলো এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
 
যেসব খাতে মিলবে অর্থায়ন

ডিএফসির ঘোষণায় বিশেষ গুরুত্ব পেয়েছে জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাত। তবে সংস্থাটির অর্থায়নের অগ্রাধিকার আরও বিস্তৃত। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, স্বাস্থ্যসেবা, আর্থিক সেবা, কৃষি ও খাদ্যনিরাপত্তা, অবকাঠামো ও সরবরাহব্যবস্থা এবং টেলিযোগাযোগ। বাংলাদেশের জন্য এ সুযোগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থা, বন্দর ও লজিস্টিকস, সড়ক যোগাযোগ, ডিজিটাল অবকাঠামো এবং প্রযুক্তিনির্ভর শিল্পে। 

ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সুবিধা কাজে লাগানো গেলে এসব ক্ষেত্রে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে যেসব প্রকল্প বাণিজ্যিকভাবে লাভজনক হলেও প্রচলিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় অর্থ পাচ্ছে না, সেগুলোর জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে।

ঋণ, ইকুইটি ও গ্যারান্টির সুবিধা

বিশ্লেষকরা বলছেন, ডিএফসি মূলত চার ধরনের অর্থায়ন ও বিনিয়োগ সুবিধা দিয়ে থাকে। এর মধ্যে রয়েছে ঋণ, ঋণের গ্যারান্টি, বিমা এবং ইকুইটি বিনিয়োগ। সরাসরি ঋণের মাধ্যমে কোনো প্রকল্পের প্রয়োজনীয় অর্থের একটি অংশ সরবরাহ করা হয়। আবার কোনো বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান প্রকল্পে ঋণ দিলে ডিএফসি সেই ঋণের আংশিক গ্যারান্টি দিতে পারে। এতে ঋণদাতার ঝুঁকি কমে এবং প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ সহজ হয়।

অন্যদিকে ইকুইটি বিনিয়োগের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের মালিকানার অংশীদার হতে পারে ডিএফসি। ফলে নতুন শিল্পপ্রতিষ্ঠান, প্রযুক্তি উদ্যোগ কিংবা সম্প্রসারণমূলক প্রকল্পে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের সুযোগ তৈরি হবে।

ডিএফসির প্রকাশিত অর্থায়ন নীতিমালা অনুযায়ী, ঋণ ও গ্যারান্টির মেয়াদ সাধারণত পাঁচ থেকে ১৫ বছর পর্যন্ত হয়ে থাকে। প্রকল্পের ধরন ও আর্থিক সক্ষমতা বিবেচনায় ঋণ পরিশোধের ক্ষেত্রে শুরুতে গ্রেস পিরিয়ডও দেওয়া হতে পারে। সাধারণত প্রকল্প ব্যয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়ার বিষয়টি বিবেচনা করে সংস্থাটি। 

অর্থায়ন পেতে যেসব শর্ত পূরণ করতে হবে

জানা গেছে, বাংলাদেশ যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলেও সব প্রকল্প স্বয়ংক্রিয়ভাবে অর্থায়ন পাবে না। ডিএফসির নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। প্রথমত, প্রকল্পটি বাণিজ্যিকভাবে কার্যকর হতে হবে এবং এর মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুফল তৈরি হতে হবে। দ্বিতীয়ত, প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট খাতে অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতা থাকতে হবে।

এ ছাড়া পরিবেশ, শ্রমিক অধিকার, মানবাধিকার এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। একই সঙ্গে বেসরকারি ঋণদাতাদের কাছ থেকে পর্যাপ্ত অর্থ সংগ্রহের চেষ্টা করা হয়েছে কি না, সেটিও যাচাই করবে সংস্থাটি। 
আবেদনের পর প্রকল্পের ঋণ পরিশোধের সক্ষমতা, আর্থিক কাঠামো, উন্নয়ন প্রভাব, পরিবেশগত ও সামাজিক ঝুঁকি এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের সঙ্গে সামঞ্জস্য যাচাই করা হবে। ডিএফসির তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়ার পর চূড়ান্ত অর্থায়ন অনুমোদনের প্রক্রিয়ায় সাধারণত কমপক্ষে ছয় থেকে নয় মাস সময় লাগতে পারে। 

শ্রম অধিকার ও কূটনৈতিক সম্পর্কের প্রভাব

বাংলাদেশের জন্য ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনকে কেবল নতুন অর্থের উৎস হিসেবে দেখছেন না সংশ্লিষ্টরা। এর সঙ্গে যুক্ত রয়েছে দীর্ঘদিনের কূটনৈতিক যোগাযোগ এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নের বিষয়টিও।

তবে এবার যোগ্যতার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের সংস্থাটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে। ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্যাক বলেছেন, বাংলাদেশের যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব গভীর করার এবং দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধির জন্য বেসরকারি বিনিয়োগ বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেছেন, উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তির লক্ষ্য বাস্তবায়নেও ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

অর্থায়নকে বিনিয়োগে রূপ দিতে চায় সরকার

ডিএফসির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের ফলেই এ অগ্রগতি এসেছে। এর মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

সরকারের প্রত্যাশা, ডিএফসির অর্থায়নের সুযোগ কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি মূলধন সংগ্রহ এবং বাণিজ্যিকভাবে কার্যকর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সহজ হবে। একই সঙ্গে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে অংশগ্রহণ বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা শক্তিশালী হবে।

গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) স্বীকৃতি পাওয়ায় বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। 

তিনি বলেছেন, আজকে ডিএফসির অর্থায়নের যে যোগ্যতা বাংলাদেশ লাভ করেছে, এর মাধ্যমে বাংলাদেশে ব্যাপক পরিমাণে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি হবে।

আগের দিন ডিএফসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের অর্থায়ন পাওয়ার যোগ্য দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো নির্মাণ ও প্রযুক্তি খাতে বড় পরিসরে মার্কিন বিনিয়োগ আসার পথ সুগম হবে।

মাহ্দী আমিন বলেন, সরকারের নয় মাসের বিভিন্ন নীতির ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক সরকারের প্রতি আস্থার বিষয়টি এতে প্রতিফলিত হয়েছে। এ স্বীকৃতিতে তারেক রহমান সরকারের প্রতি বৈশ্বিক আস্থা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটেছে। 

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে এটা অবহিত করা হয়েছে যে, এর মাধ্যমে সামনের দিনগুলোতে ইনশাল্লাহ বাংলাদেশের যে বৃহৎ প্রকল্পগুলো রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার, এনার্জি, টেকনোলজি, ডিজিটাল ট্রান্সফর্মসহ বহুমাত্রিক সেক্টরে মার্কিন বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি অনেক সহজতর হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে যখন বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়ন করা হয়েছিল, সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের অর্থায়ন আসেনি। এই কারণে দীর্ঘদিন ধরে সেটা বন্ধ ছিল।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  মার্কিন বিনিয়োগ   বাংলাদেশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

খোলাকাগজ স্পেশাল- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close