বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
৫ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন      ● গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন      ● মিরপুরে পোশাকশ্রমিক ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ      ● মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট      ● পিরোজপুরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন, ঘুমন্ত হেলপার নিহত      ● ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা      ● রাজধানীতে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন      
দেশজুড়ে
নবান্ন ঘিরে কালাইয়ে জমেছে ঐতিহ্যবাহী মাছের মেলা
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় নবান্ন উৎসব উপলক্ষে বসেছে ঐতিহ্যবাহী এক দিনের মাছের মেলা। অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে প্রতিবছরের মতো এবারও বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকে উপজেলার পাঁচশিরা বাজারে শুরু হয় এ মেলা। নানা প্রজাতির বড়-ছোট মাছের সমারোহে মেলাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

ভোর থেকেই পাঁচশিরা বাজারে মাছের পসরা সাজিয়ে বসেন বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। মেলায় মাছ কেনা-বেচার পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা মানুষের ভিড় জমে। জয়পুরহাটের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলার মানুষ মেলায় অংশ নেন। ধনী-গরিব সব শ্রেণি-পেশার মানুষ নিজেদের সাধ্য অনুযায়ী পছন্দের মাছ কিনে বাড়ি ফিরছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর নবান্ন উৎসব উপলক্ষে এ মাছের মেলার আয়োজন করা হয়। মেলায় নারী-পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটে। রুই, সিলভার কার্প, কাতলা, মৃগেল, ব্রিগেট, বাগাড়, বোয়াল ও চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মেলায় ওঠা বড় মাছগুলোর ওজন প্রায় ২৮ থেকে ৩০ কেজি। মাছের আকার ও প্রজাতিভেদে মাঝারি মাছ প্রতি কেজি ৩৮০ থেকে ৫০০ টাকা এবং বড় মাছ ৬০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

মেলায় মাছ কিনতে আসা ক্ষেতলালের মনজুরুল আলম বলেন, ‘নবান্ন উৎসবকে ঘিরে প্রতিটি পরিবারে মিলনমেলার পরিবেশ তৈরি হয়। এ উৎসবের খাবারের অন্যতম আকর্ষণ নতুন ধানের চালের ভাত ও মাছের বিভিন্ন পদ। তাই মেলায় এসেছি, দেখে-শুনে পছন্দের মাছ কিনব।’

কালাইয়ের কর্মকারপাড়ার বাসিন্দা শুভ বলেন, ‘গতবারের তুলনায় এবার মেলায় প্রচুর মাছের আমদানি হয়েছে। তবে মাছের দাম কিছুটা বেশি।’

উপজেলার মাছ ব্যবসায়ী বাইজিদ বলেন, জয়পুরহাটের সাগর হোসেন নামে এক ক্রেতার কাছে তিনি প্রতি কেজি ৪৫০ টাকা দরে ৭ কেজি ওজনের একটি কাতলা মাছ বিক্রি করেছেন। মেলায় প্রচুর মানুষের সমাগম হলেও সেই তুলনায় বেচাকেনা কিছুটা কম। তবে ব্যবসায়ীরা ভালো লাভের প্রত্যাশা করছেন।

কালাই পাঁচশিরা মাছবাজারের ইজারাদার আব্দুল লতিফ বলেন, শুধু জয়পুরহাট নয়, বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এ মেলায় মাছ নিয়ে আসেন। এবার মাছের বাজারদর স্বাভাবিক রয়েছে। এতে সব শ্রেণির মানুষ মাছ কেনার সুযোগ পাবেন। তিনি আশা প্রকাশ করেন, এবার মেলায় প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মাছ বিক্রি হবে।

কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম বলেন, পাঁচশিরা বাজারে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছের সমাগমে ক্রেতাদের পাশাপাশি মাছচাষিরাও উৎসাহিত হন। মেলায় অনিরাপদ বা বিষাক্ত মাছ বিক্রি ঠেকাতে মৎস্য বিভাগের নজরদারি থাকবে। এবারও বিপুল পরিমাণ মাছ বিক্রির সম্ভাবনা রয়েছে। দিন শেষে লেনদেন দেড় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে তিনি ধারণা করছেন। মৎস্য বিভাগ সব সময় মাছচাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছে। ভবিষ্যতে এ মেলার পরিধি আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।



কেকে/সাশ





আরও সংবাদ   বিষয়:  নবান্ন   মাছের মেলা   পাঁচশিরা বাজার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close