মেহেরপুরের সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের দুটি পৃথক স্থান থেকে ছয়টি ককটেল উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এসব ককটেলের সঙ্গে ‘জয় বাংলা’ লেখা চিরকুটও পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টার দিকে গ্রামের হযরত আলীর মার্কেটের সামনে থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়। পরে বুধবার (১৮ নভেম্বর) ভোরে বোলতলা ব্রিজের ওপর থেকে আরও তিনটি ককটেল উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তেঁতুলবাড়ীয়া গ্রামের হযরত আলীর মার্কেটের সামনে লাল স্কচটেপে মোড়ানো তিনটি ককটেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ককটেলগুলোর সঙ্গে সাদা কাগজে ‘জয় বাংলা’ লেখা একটি চিরকুট লাগানো ছিল। খবর পেয়ে তেঁতুলবাড়ীয়া বিজিবি ক্যাম্প ও গাংনী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেল ও চিরকুট উদ্ধার করেন।
অন্যদিকে, বুধবার ভোরে একই গ্রামের বোলতলা ব্রিজের ওপর তিনটি ককটেল পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দেস মোর্শেদ চৌধুরী বলেন, নাশকতা সৃষ্টি করে এলাকায় ভীতি ছড়ানোর উদ্দেশ্যে ককটেলগুলো রাখা হয়েছিল। নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
কেকে/সাশ