গোপালগঞ্জে গত রোববারের তাণ্ডব, খুলনা নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ এবং পিরোজপুরে বিএনপির কার্যালয়ে হামলা— প্রতিটি ঘটনায়ই একসূত্রে গাথা। শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বেড়েছে। বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি জেলাকে লক্ষ্য করার পরিকল্পনার কথা এসেছে। সেসব দাবি সূত্রনির্ভর, তবে ঘটনার ধারা দেখে ঝুঁকিকে অগ্রাহ্য করার সুযোগ নেই। এই পরিস্থিতিতে সরকারের প্রতিক্রিয়া হতে হবে দৃঢ়, কিন্তু আইনের সীমার ভেতরে।
প্রথমে সরকারকে প্রতিটি সহিংস ঘটনায় মামলা নিশ্চিত করতে হবে। ভিডিও, প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। নির্বিচার আটক বা অজ্ঞাতনামা আসামির দীর্ঘ তালিকা বানিয়ে হয়রানি করা চলবে না। তাতে দোষী আড়ালে থাকে, আর নিরীহ মানুষ ভোগে।
আইন প্রয়োগে সব পক্ষের জন্য একই মানদণ্ড রাখা জরুরি। আক্রমণকারী যে দলেরই হোক, ব্যবস্থা হতে হবে সমান কঠোর। ক্ষমতাসীন দলের কেউ প্রতিশোধমূলক হামলা বা দখলে জড়ালে তাকেও আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক প্রশ্রয় ও বিচারহীনতার সংস্কৃতি না ভাঙলে এক সহিংসতা আরেক সহিংসতার জন্ম দেবে।
পুলিশ ও প্রশাসনের ভেতরে নজরদারি চালানোর সময় স্বচ্ছতা বজায় রাখতে হবে। প্রায় ২২ হাজার সদস্যকে নজরদারিতে রাখার খবর এসেছে। কারও নিয়োগের সময়কালকে একমাত্র কারণ ধরে তাকে সন্দেহ করা ন্যায়সংগত নয়। অভিযোগ উঠলে তদন্ত হবে, প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। না হলে বাহিনীর মনোবল ভাঙবে, আর সেই ক্ষতি পড়বে আইনশৃঙ্খলার ওপরই। সরকারের ভেতরের তথ্য ফাঁস ঠেকাতে সংবেদনশীল দপ্তরে তথ্যনিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার। তবে প্রমাণ ছাড়া কোনো দপ্তর বা কর্মকর্তাকে সামগ্রিকভাবে দোষী সাব্যস্ত করা যাবে না। এই সংকটে সরকারের সামনে দুটি ভুলের আশঙ্কা। প্রথমটি অবহেলা, অর্থাৎ ঘটনাকে বিচ্ছিন্ন ভেবে হালকাভাবে নেওয়া। দ্বিতীয়টি অতিপ্রতিক্রিয়া, অর্থাৎ নিরাপত্তার নামে আইনের শাসনের সীমা অতিক্রম করা। দুটোই স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। সরকারের উচিত দৃঢ় অথচ আইনসম্মত পথে চলা।
ডিসেম্বরের আগে জুলাই স্মৃতিস্তম্ভ, রাজনৈতিক দলের কার্যালয়, সিটি করপোরেশন ভবন ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় আগাম নিরাপত্তা বাড়াতে হবে। পুলিশ, বিজিবি ও যৌথ বাহিনীর টহল এমনভাবে সাজাতে হবে, যাতে ঘটনা ঘটার পরে নয়, ঘটার আগেই প্রতিরোধ সম্ভব হয়। একইসঙ্গে সামাজিক মাধ্যমে গুজব ও উসকানির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে হবে, তবে মতপ্রকাশের স্বাধীনতা যেন খর্ব না হয়।
সরকারকে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতেও হবে। বিএনপি, জামায়াতসহ সব দলের স্থানীয় নেতাদের কাছ থেকে স্পষ্ট অঙ্গীকার নিতে হবে যে তারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে কোনোভাবে সহযোগিতা করবেন না এবং পাল্টা সহিংসতা থেকেও বিরত থাকবেন। হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকারের অবস্থান আদালতের রায় ও কূটনৈতিক পথ মেনে জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা প্রয়োজন, কারণ অস্পষ্টতা গুজব তৈরির পথ সহজ হয়।
গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রের সবচেয়ে বড় পুঁজি জনগণের আস্থা। সেই আস্থা টিকে থাকে তখনই, যখন নিরাপত্তা নিশ্চিত হয় এবং আইনের প্রয়োগে পক্ষপাত থাকে না। নিষিদ্ধ সংগঠনের বিশৃঙ্খলা যেমন গ্রহণযোগ্য নয়, তার জবাবে আইনবহির্ভূত পথও তেমনি অগ্রহণযোগ্য। সময় এখনো হাতে আছে। সরকার সমন্বিত ও বিচক্ষণ পদক্ষেপ নিলে অস্থিতিশীলতার পরিকল্পনা ব্যর্থ করা সম্ভব।
কেকে/ এমএস